গতকালই বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে বাকী দফার প্রার্থী তালিকা। এর আগের সপ্তাহে নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। সেই সময় জানা যায়, সিঙ্গুর কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মাস্টারমশাই ওরফে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে।
এই নিয়ে তখন থেকেই শুরু হয় বিক্ষোভ। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদল করার দাবী ওঠে বিজেপির অন্দর থেকেই। সেই প্রতিবাদে আজ, শুক্রবার ফের একবার মাস্টারমশাইয়ের বাড়ির সামনে দেখানো হয় বিক্ষোভ। তাঁর বাড়িতে চড়াও হন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। দীর্ঘক্ষণ তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। দাবী, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদল করতে হবে।
আরও পড়ুন- ‘বড়লোক’ পদ্মফুল বনাম ‘গরীব’ তৃণমূল! সম্পত্তির নিরিখে সমস্ত রাজনৈতিক দলের থেকে এগিয়ে বিজেপি
বলে রাখি, কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই দল বিরোধী কথাবার্তা বলছিলেন তিনি। এও বলেছিলেন যে, তৃণমূলের তরফে যদি তাঁকে প্রার্থী না করা হয়, তাহলে তিনি নির্দল পার্টির হয়ে নির্বাচন লড়বেন। তৃণমূল সিঙ্গুর থেকে বেচারাম মান্নাকে প্রার্থী করার পরই ঘাসফুল ছাড়েন মাস্টারমশাই।
আরও পড়ুন- বুথের ১০০ মিটারের মধ্যে শুধু কেন্দ্রীয় বাহিনী কেন, রাজ্য পুলিশ কেন নয়, দাবী জানিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল
বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে নানাদিকেই অসন্তোষ ছড়িয়েছে। চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা নিয়েও তৈরি হয় বিক্ষোভ। এছাড়াও, বাবুল সুপ্রিয় সাংসদ হওয়ার পরেও কেন তাঁকে ভবানীপুর থেকে প্রার্থী করা হল, এ নিয়েও ওঠে প্রশ্ন। এমনকি, আজ, পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসের বাড়ির সামনেও বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।






