একুশের বিধানসভার লড়াই জিততে কোনও কসুর করতে চাইছে না বিরোধী দল। এতটুকুও ভোট প্রচারে ফাঁক রাখা না-পসন্দ গেরুয়া শিবিরের।
আর তাই পুরোনো সদর দফতর নয় বৃহৎ আকারে ভোটের কাজ সম্পাদন করতে তৈরি বিজেপির বিশাল ওয়াররুম।
বিজেপির শীর্ষ নেতারা প্রচারে এলে হেলিকপ্টারে কোথায় যাবেন। কটা হেলিকপ্টার প্রস্তুত রাখতে হবে। সব কিছুই এবার থেকে পরিচালিত হবে এই ওয়ার রুম থেকেই। এই বহুতলের ৮ তলায় থাকছে বিজেপি নেতাদের বিশ্রামের ব্যবস্থা।
বাংলায় ভোটের দামামা ইতিমধ্যে বেজে গেছে। আর কয়েকদিন পর থেকেই প্রায় নিত্যদিনই রাজ্যে আসবেন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। এই ভবনের ৭ তলায় থাকছে দলের সাধারণ সম্পাদকদের অফিস। ৪ তলায় আইটি সেল। ছয় তলায় কল সেন্টার।
ঠিকানা, হেস্টিংস এর ২ নম্বর সেন্ট জর্জেস গেট রোড। চারটি তলা নিয়ে তৈরি ২০২১-এর যুদ্ধে কেন্দ্রের মূল কার্যালয়। যেখানে দলের আইটি সেল, কল সেন্টার যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে হেলিকপ্টার ও গাড়ি মনিটরিং সেন্টার।
এতদিন পর্যন্ত ভোট পরিচালনা হত রাজ্য দফতর ৬ নম্বর মুরলি ধর সেন লেন থেকেই। বড় লড়াইয়ে এবার বড় ভবনের প্রয়োজন পড়লো বিজেপির।






