SIR : ফর্ম বিলির চাপে প্রা*ণ গেল মেমারির বিএলও-র! “ভোটের প্রস্তুতি নাকি মৃত্যু*র মিছিল?” — প্রশ্ন পরিবারের!

নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে। বুথ লেভেল অফিসারদের (BLO) উপর বাড়ছে কাজের চাপ। ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব সামলাতে দিনরাত ব্যস্ত তাঁরা। এই ব্যস্ততার মধ্যেই মর্মান্তিক খবর — মেমারির এক বিএলও-র মৃত্যু। এলাকায় শোকের ছায়া। প্রশ্ন উঠছে, ঠিক কতটা চাপের মধ্যে কাজ করছেন এই মাঠের কর্মীরা?

শনিবার রাতে পূর্ব বর্ধমানের মেমারিতে ঘটে যায় ঘটনাটি। মৃতার নাম নমিতা হাঁসদা, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পাশাপাশি তিনি ছিলেন মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও। স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর কাজের পর রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমিতা।

নমিতার স্বামী মাধব হাঁসদার অভিযোগ, এনুমারেশন ফর্ম বিলি নিয়ে লাগাতার চাপ দিচ্ছিলেন উচ্চপদস্থ কর্তারা। তাঁর কথায়, “প্রতিদিন বলা হচ্ছিল আরও বেশি করে ফর্ম বিলি করতে হবে। ও দিনরাত কাজ করছিল, মানসিকভাবে খুব চাপে ছিল। শনিবার কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়।” পরিবারের দাবি, এই অমানবিক চাপই কেড়ে নিয়েছে নমিতার প্রাণ।

ঘটনার খবর পেয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি। তিনি জানান, “যাঁরা অসুস্থ বা মানসিক চাপে আছেন, তাঁদের বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয়। এই ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।” তবে এই ঘটনার পর প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠেছে — কাজের ভার কি নিরাপত্তার সীমা ছাড়িয়ে যাচ্ছে?

আরও পড়ুনঃ West Bengal politics : “তৃণমূল মানেই বিজেপি, আর বিজেপি মানেই তৃণমূল!” — শুভেন্দুর মন্তব্যে কংগ্রেসের তীব্র কটাক্ষ, ফের উত্তাল রাজ্য রাজনীতি!

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ বিলি। এই সময়ের মধ্যে বিএলও-রা ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহ করবেন। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা। কিন্তু নমিতার মৃত্যু প্রশাসনকে নতুন করে ভাবাচ্ছে — নির্বাচন প্রস্তুতির তাগিদে মানবিক দিকটি কি উপেক্ষিত হচ্ছে?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles