সাত সকালেই ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটে গেলো মহিষাদলে৷ চড়ায় আটকে যাত্রীবোঝাই নৌকা তলিয়ে গিয়ে বিপত্তি রূপনারায়ণ নদীতে৷ এখনও অবধি নিখোঁজ নৌকার অধিকাংশ যাত্রী।
সূত্রের খবর, আজ সকালে মায়াচর থেকে অমৃতবেড়িয়া যাওয়ার জন্য রূপনারায়ণ নদীতে রওনা দিয়েছিলো এক যাত্রীবোঝাই নৌকা৷ কয়েকদিনের অবিরাম ধারায় বৃষ্টির দরুণ রূপনারায়ণ নদী বেশ ভালোই ফুলেফেঁপে উঠেছিলে৷ আজ সকাল থেকে জলে স্রোতও ভালে পরিমাণে ছিল। এমতাবস্থায় সেই যাত্রবাহী নৌকাটি একটি চড়ায় আটকে যাওয়াতেই বাঁধে বিপত্তি৷ মাঝির গাফিলতিতেই মাঝ রূপনারায়ণে যাত্রী সহ তলিয়ে যায় নৌকাটি৷
এরপর খবর পেয়ে উদ্ধার কার্যে নামে পুলিশ বাহিনী৷ ইতিমধ্যেই স্পিড বোট নিয়ে সন্ধান চালানো শুরু হয়েছে৷ জানা যাচ্ছে যে নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে কয়েকজনই মাত্র সাঁতরে পারে আসতে পেরেছিলেন। এরপর পুলিশ উদ্ধার কার্যে নেমে উদ্ধার করেন আরও ২৪ জনকে যাদের অধিকাংশই শিশু। উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে ৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া শ্যামপুর স্বাস্থ্যকেন্দ্রে৷
পুলিশের তরফে জানানো হয়েছে যে মাঝির গাফিলতিতেই এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী৷ এছাড়াও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করাতেই এই নৌকা ডুবি ঘটেছে। এমনকি নৌকাটিতে ছিলনা লাইফ জ্যাকেটও । ফলে জলের স্রোতেই ভেসে গিয়েছেন সিংহভাগ যাত্রী। যদিও নিখোঁজ যাত্রীদের খুঁজে পেতে এখনও তল্লাশি জারি রেখেছে তমলুক থানার পুলিশ৷






