হাসপাতালে শিশু পাচারচক্র ধরা পড়ার পর এবার হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, নিরাপত্তা কোথায় শিশুদের? উঠছে প্রশ্ন

দু’দিন আগেই রাজ্যের বেসরকারি হাসপাতাল থেকে শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হাসপাতালের একাধিক কর্মীকে। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। এবার রাজ্যের সরকারি হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল সদ্যোজাতর দেহ। কে বা কারা এই কাজ করল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় সরকারি হাসপাতালে সদ্যোজাতদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মুরারই গ্রামীণ হাসপাতালে। এই হাসপাতালের শৌচাগার থেকেই উদ্ধার হয় সদ্যোজাতের দেহ। জানা গিয়েছে, গতকাল, বুধবার সন্ধ্যায় হাসপাতালের প্রসূতি বিভাগের ভিতরের শৌচাগারের মধ্যে এক সদ্যোজাত শিশুকে কাপড় মোড়া অবস্থায় দেখতে পান এক মহিলা রোগী।

তা দেখে তিনি খবর দেন হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের। তারা সেখানে এসে উদ্ধার করেন ওই সদ্যোজাতকে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তড়িঘড়ি পৌঁছয় সেখানে। সরকারি হাসপাতালের ভিতর এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

পুলিশের প্রাথমিক অনুমান, নাম নথিভুক্ত না করে হাসপাতালের যোগসাজশেই কেউ এই হাসপাতালে শিশুর জন্ম দিয়েছে। তবে মৃত শিশুর জন্ম দিয়েছে নাকি শিশুকে খু’ন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে কোনও সিসি ক্যামেরা নেই। সেই কারণে হাসপাতালে আসা কারোর গতিবিধির উপর নজর রাখাও সম্ভব নয়।

এই ঘটনায় রামপুরহাট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে জানান, শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে মুরারই থানার পুলিশ। স্বাস্থ্য দফতরে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মুরারই ব্লক স্বাস্থ্য আধিকারিক এই বিষয়টি ঠিকমতো খতিয়ে দেখার আশ্বাস দেন।

RELATED Articles