ফের বোমাবাজি রাজ্যে! তৃণমূল নেতার বাড়ির সামনে পড়ল বোমা, শাসক শিবিরের অন্তর্দ্বন্দ্বের জের? আতঙ্ক কৃষ্ণনগরে

ফের বোমাবাজি (bomb blast) রাজ্যে। এবার ঘটনাস্থল কৃষ্ণনগর (Krishnanagar)। গতকাল, শুক্রবার রাতে কৃষ্ণনগর ২৩ নম্বর ওয়ার্ডে বনমালী মোদক (Banamali Modak) নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে এক অনুষ্ঠান চলার সময় বাড়ির সামনে হামলা চালায় কিছু দুষ্কৃতী। বোমাবাজিও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (inner clash) তত্ত্ব উস্কে দিয়েছে বিজেপি (BJP)। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ নাকোচ করা হয়েছে।

এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমাও উদ্ধার হয়েছে বলে খবর। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কৌশিক মজুমদার বলেন, “অনুষ্ঠান চলাকালীন তাণ্ডবলীলা চলেছে। এটা কোনও সুস্থ মানুষ করতে পারে না। শহরের বেশ কিছু দুষ্কৃতীর কথা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম। এই কাণ্ড তারাই করেছে”।

অভিযুক্তরা কোনও দলের সঙ্গে যুক্ত কী না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে কৌশিক মজুমদার বলেন, “দুষ্কৃতীদের কোনও দল হয় না। এই কাণ্ড যারা ঘটিয়েছে, তারা কোনও দলের সঙ্গে যুক্ত বলে আমরা মনে করি না। প্রশাসন তদন্ত করে দেখবে”। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ তিনি।

এই ঘটনা প্রসঙ্গে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস বলেন, “এই এলাকায় বিভিন্ন ভাবে হেরোইন, মদ, গাঁজা দিয়ে ছেলেদের নষ্ট করছে বেশ কিছু দুষ্কৃতী। আমরা পুলিশকে সেই বিষয়টি জানিয়েছি। এখন দেখা যাক পুলিশ কী করে। ওই এলাকাটি ২৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। যদি কেউ বলে থাকেন, ওই দুষ্কৃতীদের মধ্যে পলাশ দাস ছিলেন, তাহলে সেটি ভুল তথ্য”। তবে বিজেপির রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দেগেছেন।

RELATED Articles