সাতসকালে তৃণমূল নেতার নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ, উদ্ধার তাজা বোমাও, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ত্রাস তৈরির চেষ্টা?

সকাল সকালই তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ। যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে পুলিশ আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। তৃণমূল নেতার নির্মীয়মাণ বাড়িতে কীভাবে বোমা এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, বেড়াচাঁপা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শহি সুলতানার একটি বাড়ি তৈরি হচ্ছে। রাজমিস্ত্রিরা সেখানে কাজ করছেন। উত্তর চাঁদপুর এলাকার রাস্তার ধারে বাড়িটি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রবিবার সকালে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন।

কিন্তু এদিন আচমকাই একটি বিকট শব্দ হয়। শব্দের উৎস সন্ধানে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে দেখতে পান, ওই নির্মীয়মান বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাঁরা এগিয়ে গিয়ে দেখেন, ভিতরে দুজন মিস্ত্রি রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। তৎপরতার সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের অনুমান, ওই নির্মীয়মাণ বাড়িতে চারটি তাজা বোমা রাখা ছিল। আজ রাজমিস্ত্রিরা যখন কাজ করছিলেন, ওই সময় সিঁড়ির নিচে কোদাল দিয়ে পরিষ্কার করছিলেন। সেই সময় কোদালের আঘাতেই একটি বোমা ফেটে যায়। দুই রাজমিস্ত্রি অল্পের জন্য বেঁচে গেলেও হাতে পায়ে মুখে ক্ষত হয়েছে তাদের।

ওই স্থান থেকে দেগঙ্গা থানার পুলিশ আরও তিনটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল হাকিম মোল্লা বলেন, “বাড়ি তৈরি করছিলেন। পরিকল্পনা ভাবে কে বা কারা এই বোমাগুলো রেখে গিয়ে বদনাম করার চেষ্টা করছেন”। বোমাগুলি সেখানে আদৌ অন্য কেউ রেখেছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

RELATED Articles