কালীপুজোর দিন জগদ্দলে গুলিগালার পর আজ, মঙ্গলবার সকালে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। এই বোমা বিস্ফোরণের জেরে হাত উড়ে গেল অন্য এক শিশুর। ঘটনার জেরে প্রবল চাঞ্চল্য ভাটপাড়াতে।
সূত্রের খবর অনুযায়ী, ভাটপাড়া প্রেমচাঁদ নগরের স্টেশন চত্বরে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। আর এক শিশু মারাত্মকভাবে জখম। জানা গেছে, স্টেশন চত্বরে পড়ে ছিল দুটি তাজা বোমা। বল ভেবে খেলতে গিয়েছিল দুটি বাচ্চা। একটি বোমা হাতে নিতেই সেটা বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হয় দুটি বাচ্চাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনের হাত উড়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায়। বিস্ফোরণের খবর তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে দুটি বোমা পড়েছিল। সেটি দেখে বল ভেবে খেলতে যায় ৭ বছরের একটি শিশু। সেটি হাতে নিতেই ফেটে যায় বোমাটি। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে বাচ্চাটা। তার সঙ্গে আরও একটি শিশুও জখম হয়েছে বলে জানা গিয়েছে। দু’জনকেই স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থাও সঙ্কটজনক।
ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে নৈহাটির জিআরপি-আরপিএফ ও ভাটপাড়া থানার পুলিশ। স্টেশন চত্বরে কীভাবে বোমা এল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে।





