বিগত আট দিন ধরে করোনার সঙ্গে লড়াই করছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পারিবারিক চিকিৎসক সূত্রে খবর, সোমবার রাত থেকে হঠাৎই তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। ওঠানামা করতে থাকে অক্সিজেন লেভেল। আর তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থাকে দেখে কোনও রকম ঝুঁকি নিতে রাজি হননি চিকিৎসকরা। তাঁকে দ্রুত উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা হবে বলে জানা গেছে। করোনার কারণেই তাঁর শরীরে এই ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র মারফত খবর, গতকাল রাত থেকে হঠাৎ করেই বুদ্ধদেববাবুর শরীরের অক্সিজেনের মাত্রা ৯০-এর নীচে নেমে যায়। সকালে পরিস্থিতির আরও অবনতি হয়। বারতে থাকে শ্বাসকষ্ট। অক্সিজেনের মাত্রা নেমে আসে ৮০-৮২-তে।
এরপরই আর কোনওরকম ঝুঁকি না নিয়ে বুদ্ধ বাবুকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। উডল্যান্ডস হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স আনা হয় পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে। ফ্ল্যাট থেকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয় তাঁকে। ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আই টি ইউ-তে রেখে চিকিৎসা হবে বুদ্ধদেবের। তাঁকে বাইপ্যাপ অক্সিজেন সাপোর্ট দেওয়া হতে পারে বলেও খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, গত আট দিন ধরে করোনার সঙ্গে লড়াই করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে।সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এবার হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধবাবু।
আরও পড়ুন- ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! গতি বাড়িয়ে বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে “যশ”
CPIM-এর তরফে জানানো হয়েছে, ঝড়বৃষ্টির জন্য কাল পরিস্থিতির অবনতির হওয়ার সম্ভাবনা রয়েছে। সাইটোকাইন স্টর্মের প্রভাব যাতে সেভাবে না পড়তে পারে, তার জন্য আগাম সতর্কতা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে l






