এই দু’দিন আগেই রাজ্যপালকে রক্তচোষা বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কটাক্ষের ধারা এখনও অব্যাহত। ফের একবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করলেন তিনি।
এবার কোকেন পাচারকারী ও এই কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর জেরে ফের সাড়া পড়ে গেল রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন- ফের গরীবের মসীহা সোনু সুদ! যুবকের আর্তিতে তাঁকে চাকরি দিয়ে সাহায্য করলেন অভিনেতা
কিছুদিন আগে টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাকেশ সিংয়ের একসঙ্গে একটি ছবি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে তিনি লেখেন, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। এটা রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি”?
এই ছবিটিতে রাজ্যপালকে ট্যাগও করেছিলেন তৃণমূল সাংসদ। দু’দিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে তিনি জনগণকে নানান থানায় এফআইআর দায়ের করার ‘অনুরোধ’ জানান। যাতে রাজ্যপালের মেয়াদ শেষ হলেই তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো যায়।
আসলে, কিছুদিন আগেই নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক ও প্রাক্তন কলকাতার মেয়রকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইকে অনুমোদন দেয় রাজ্যপাল। এই কারণে জগদীপ ধনখড়কে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবার তিনি বলেন, “এই নাটকের মূলে হলেন রাজ্যপাল। যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনি। আমি নিশ্চিত রাজ্যপালই হলেন ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন”।
তবে তৃণমূল সাংসদের এই কড়া আক্রমণে কিছুটা সুর নরম করেছিলেন রাজ্যপাল। তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা। তিনি প্রবীণ সাংসদও। এমনকী একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মন্তব্যে আমি স্তম্ভিত। এই মন্তব্যের বিচার করবেন বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ”।






