বাস সিন্ডিকেট অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হল। এরপর বাস মালিকদের থেকে চাওয়া হয় টাকা। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন বাস মালিকরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নিজের দিকে ওঠা অভিযোগ অওিকার করেন তৃণমূল নেতা।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানের ২৪ এ ১ বাসস্ট্যান্ডে। এখানে প্রতিদিন হাওড়া ময়দান-মুকুন্দপুর রুটে ৩৭টি বাস চলে। এছাড়াও এখান থেকে বেশ কয়েকটি দূরপাল্লার বাসও চালানো হয়। বাস মালিকদের অভিযোগ, পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম এবং তাঁর দলবল জোর করে স্ট্যান্ডের স্টাটার রুমে তালা ঝুলিয়ে দেন।
এরপর মালিকদের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। বাস মালিকরা আরও অভিযোগ করে জানান যে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলের লোকজন বাসস্ট্যান্ডে ম’দ, গাঁ’জা বিক্রি ছাড়াও নানা ধরনের অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন।
এই গোটা ঘটনায় হাওড়া সিটি পুলিশের কমিশনার এবং গোলাবাড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন বাস মালিকরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম। তিনি বলেন, “বাস মালিকরা বেআইনিভাবে স্ট্যান্ডে বাস রাখছেন। রাস্তায় বাস চালানোর অনুমতি থাকলেও ওখানে বাস রাখার অনুমতি নেই। ওটা হাওড়া পুরসভার জায়গা। অফিসে তালা মেরে দিয়েছি”।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন, “বাস স্ট্যান্ডটি হাওড়া পুরসভার জমির উপর কী না, তা খতিয়ে দেখা হবে। আর বাস মালিকরা যে ওখানে বাস রাখছেন সে ব্যাপারে অনুমতি আছে কী না, তাও খতিয়ে দেখা হবে। যে কাজে মানুষের অসুবিধা হয় সেই কাজ একজন তৃণমূল কংগ্রেস কর্মীর তা করা উচিত নয়”।





