সোমবার থেকে বাংলায় চালু হচ্ছে বাস পরিষেবা। চলবে, সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত

সরকারি বাসের পরিষেবার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। এবার সরকারির সঙ্গে রাজ্যে বেসরকারি বাসগুলিও চালানোর ছাড়পত্র দেওয়া হলো। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের গ্রীন জোন গুলিতে মিলবে এই পরিষেবা। এমনটাই নিশ্চিত করেছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাস পরিষেবা চালুর আগে বাসের ভাড়া বাড়ানো নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বাস মালিকদের মধ্যে। বাসভাড়া না বাড়িয়ে রাস্তায় বাস চালানো তাঁদের পক্ষে কঠিন হয়ে যাবে বলে জানান বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। এই সময় কম ভাড়ায় বাস চালালে লাভের কথা তো দূরে থাক লোকসান‌ই বেশি হবে বলে দাবি করেছিল সংগঠনগুলি।

সেই সঙ্গে রাস্তায় বাস বেরোলেও তার ভাড়া কী হবে তা নিয়ে রাজ্যবাসীর মনেও তৈরী হয়েছিল সন্দেহ। অবশেষে সেই সন্দেহ দূর করলেন পরিবহণ মন্ত্রী। এদিন তিনি বলেন, বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়া অনুমোদন করবে না রাজ্য সরকার।

এই বলেই অবশ্য থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন,বেসরকারি বাসের ভাড়া নিয়ে আগেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। সোমবার থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চালু থাকবে এই বাস পরিষেবা। গ্রীন জোনে প্রতি আধ ঘণ্টা পর পর দেওয়া হবে এই পরিষেবা। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে‌ই বেসরকারি বাসও চলবে সরকারি বাসের সঙ্গে।

যদিও মন্ত্রী জানিয়ে দেন, কুড়ি জনের বেশি যাত্রী বাসে উঠতে পারবে না। যাত্রীদের মাস্ক পরা ছাড়াও নিজেদের স্যানিটাইজ করা আবশ্যিক। সম্প্রতি কলকাতায় ১৫টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। আগামী দিনে সবকিছুর ওপর খেয়াল রেখে রাজ্যে বাস পরিষেবা বাড়ানো হতে পারে বলে মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী। এ ছাড়াও সোমবার থেকে এমার্জেন্সি সার্ভিস এর জন্য হাজার অ্যাপ ক্যাব রাস্তায় নামছে। ট্রাম ও ফেরি পরিষেবাও শীঘ্রই চালু করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী।

RELATED Articles

Leave a Comment