কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর কোনও আবেদনই শুনল না আদালত। তাঁকে নিয়ে যা নির্দেশ দেওয়ার নিম্ন আদালতই দেবে বলে জানিয়ে দিল উচ্চ আদালত।
পুজোর ছুটির মধ্যেই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু অবকাশকালীন বেঞ্চে সেই মামলার শুনানি হয়নি। সন্দীপের আবেদন নিয়মিত বেঞ্চেই ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজ, সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলা ওঠে।
সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন, আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় তাঁর মক্কেলকে বেআইনিভাবে আটকে রেখেছে সিবিআই। তাঁকে আদালতে পেশ করা হচ্ছে না। সেই কারণে সন্দীপের জামিনের আবেদন করা হয়। কিন্তু সেই আবেদনে কোনও আমলই দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, এই বিষয়টি সিবিআইয়ের বিশেষ আদালতের এক্তিয়ারে রয়েছে। তাই হাইকোর্টের তরফে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। নিম্ন আদালতেই জামিনের আবেদন জানাতে হবে সন্দীপকে।
বলে রাখি, আর জি করের দুর্নীতি মামলায় প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে মেডিক্যাল বর্জ্য পাচার, লাশ পাচার, টেন্ডার দুর্নীতি-সহ নানান অভিযোগ রয়েছে। এরপর আবার আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনাতেও গ্রেফতার করা হয় সন্দীপকে। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ভোটারদের ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দেওয়ার হুমকি দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের, কমিশনের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন!
ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আজ, সোমবার শিয়ালদহ আদালতে শুরু হবে আর জি কর মামলার বিচার পর্ব। জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। এবার তাঁর জামিনের আবেদনও খারিজ করল হাইকোর্ট। এবার সন্দীপ ঘোষের বিষয়টি কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার!





