‘ভিত্তিহীন মামলা’, রাজ্যপালকে অপসারণ করার দাবী জানিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য ও রাজভবনের সংঘাত ক্রমে বেড়েই চলেছে। এবার এই সংঘাতে এল আইনি ধাক্কা। রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবীতে আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আজ, শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় যে রাজ্যপালকে অপসারণ করার দাবী জানিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়াও, সলিসিটর জেনারেল রাজ্যপালের তরফে সওয়াল করতে গিয়ে যে দাবী তুলেছিলেন, তাও খারিজ করে দেওয়া হয় এদিন। বলে রাখি, রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবী জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলারই রায় দিল আদালত।

সাম্প্রতিক অতীতে একাধিকবার রাজ্য ও রাজভবনের মধ্যেকার সংঘাত দেখা দিয়েছে। রাজ্যকে নানান বিষয়ে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকারের কাজে দখলদারি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই সংঘাত এতটাই গড়ায় যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে রাজ্য সরকার চিঠি দেয় রাজ্যপালকে অপসারণের দাবী জানিয়ে। এছাড়াও, তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে সরাসরি অভিযোগ জানানো হয় রাজ্যপালকে অপসারণের জন্য। এরপর এই বিষয়টি হাইকোর্টে গড়ায়।

জনস্বার্থ মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবী করেছিলেন যে রাজ্যপাল সংবিধান বহির্ভূত, সংবিধান বিরোধী কাজ করছেন। রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছেন তিনি। মামলাকারী আরও দাবী করেন যে একের পর অসাংবিধানিক মন্তব্য করছেন রাজ্যপাল।

তাঁর কথায়, রাজ্যপাল নিরপেক্ষ পদ হয়েও এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যের কাজে বাধা দিচ্ছেন। এই কারণে ধনকড়কে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছেন আইনজীবী তবে রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি কোনও মামলা করা যায় না। এই কারণে পরোক্ষভাবে তাঁকে মামলার পক্ষ করা হয়েছিল।

এর আগে এই মামলার শুনানিতে রাজ্যপালের পক্ষে সওয়াল করে সলিসিটর তুষার মেহতা বলেন যে একজন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। যে বা যারা এই মামলা করেছেন,তাদের বিরুদ্ধে আদালতের পদক্ষেপ নেওয়া উচিত। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে এই মামলার ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালত। আর এবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই মামলাটি খারিজ করলেন।

RELATED Articles