কাশ্মীরকে এমনিতেই ভূস্বর্গ বলা হয়ই কাশ্মীরের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে এবার এই সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করার সুযোগ করে দিল ভারতীয় রেল। কাশ্মীর যাওয়ার পথে এমন কিছু সুন্দর দৃশ্য এবার চোখে পড়বে, যা কখনও ভোলার নয়।
মেঘের উপর দিয়ে তৈরি যাত্রাপথ দিয়ে যাওয়ার সময় যেন মনে হবে সত্যিই স্বর্গে রয়েছেন। এই যাত্রার জন্য অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন দেশের মানুষ। কিন্তু এটা কীভাবে সম্ভব হবে?
আসলে, জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর তৈরি হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ সেতু। এই সেতুটির নাম হবে চেনার ব্রিজ। ২০২২ সালের ডিসেম্বর মাসে রেল চলাচলের জন্য চালু হয়ে যেতে পারে এই সেতুটি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার টুইটার হ্যান্ডেল এই সেতুর একটি ছবি শেয়ার করেন। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মেঘের ওপর বিশ্বের সবথেকে বড় সেতু তৈরি হতে চলেছে”।
এই ছবিতে দেখা যাচ্ছে যে এইন সেতুটির উচ্চতা এতই বেশি যে এটি মেঘের সঙ্গে মিলিত হয়েছে বা বলা ভালো মেঘের উপর দিয়ে গিয়েছে এই সেতুটি। নদীস্তর থেকে এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। এই সেতুটি জম্মু-কাশ্মীরের রিয়াশি জেলার কাটরা বানিহাল রেল সেকশনে তৈরি হচ্ছে। এই সেতু তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ২৭,৯৪৯ কোটি টাকা।
The world's highest #arch #ChenabBridge over the clouds. pic.twitter.com/0fkKFc4Nte
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 7, 2022
এই সেতুটি মূল খিলানসহ ১৩১৫ মিটার দীর্ঘ করার পরিকল্পনা করা হয়েছে। সেতুটি কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এর উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অধীনে নির্মিত করা হচ্ছে। এই রেলপথের মাধ্যমে উপত্যকাটিকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা হবে।
নতুন সেতুর সবথেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল যে এই সেতুটিতে এমন একটি ইস্পাত ব্যবহার করা হয়েছে যা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। জম্মু-কাশ্মীরের যাত্রাপথে এই সেতুটির ওপর কোনো বাধা প্রভাব ফেলতে পারবে না বলেই জানা গিয়েছে।





