ফের একবার এসএসসি সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি, গ্রুপ ডি-সহ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে জারি হওয়া সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসি-র উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ২৪ ঘণ্টার মধ্যে তলব করা হয়েছে।
আগে থেকেই গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলায় তদন্ত করতে ফের সিবিআইকে নির্দেশ দিলেন। ৯৮ জন কর্মী নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়মের অভিযোগ উঠেছিল তার উপর ভিত্তি করেই এই মামলা করাআ হয়। স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দিয়ে জানায় তারা নিয়োগের সুপারিশ করেনি।
অন্যদিকে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানায় যে কমিশনের কাছ থেকে সুপারিশ পেয়েই নিয়োগপত্র পাঠানো হয়েছে। এ ক্ষেত্রেও উপদেষ্টা ছিলেন শান্তি প্রসাদ সিনহা। তাঁকে আজই জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনের সব বেআইনি নিয়োগের তদন্ত সিবিআই করবে বলে মন্তব্য করেন বিচারপতি। কাল ফের এই মামলার শুনানি রয়েছে।
এর আগেও একাধিকবার এই নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ডিভিশন বেঞ্চের তরফে প্রত্যেকবারই সেই নির্দেশ খারিজ করে দেয়। এই নিয়ে গত বুধবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।
গত বুধবার তিনি প্রশ্ন তুলে বলেছিলেন যে কার নির্দেশে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে! এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবী তোলেন তিনি। কেন বারবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এনাফ ইজ এনাফ। আমিও দেখব, আমার হাত কে বাঁধে”। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেন।





