জিটিএ নির্বাচন চান না বিমল গুরুং। তবে কী বিজেপিতে যোগ দেওয়ার পথে বিমল গুরুং? তিনি এও জানিয়েছেন যে গায়ের জোরে যদি নির্বাচন করানো হয়, তাহলে তিনি অনশনে বসবেন। গত বুধবার কালিম্পংয়ের সভা থেকে তিনি স্পষ্ট জানান যে পাহাড়ের সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে।
আগামী ২রা এপ্রিল আলোচনার ডাক দিয়েছেন বিমল গুরুং। পাহাড়ের সমস্যা সমাধানে কনভেনশনে বিজেপি নেতা তথা দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সাংসদ জানান যে আমন্ত্রণ পেলে তিনি যেতে রাজি। ভোট রুখতে তিনি সবকিছুই করতে পারেন বলে জানান।
সাংসদ রাজু বিস্তা বলেন, “গোর্খাদের সমস্যা সমাধানের জন্য বিমল গুরুং হোন কিংবা অন্য কেউ, এক্ষেত্রে ডাকলেই আমি যাব। গোর্খা সমস্যার স্থায়ী সমাধান হতে হবে। এটাই প্রত্যেকে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বুলডোজার চালিয়ে নির্বাচন জিততে চাইছেন, সেটা মানুষের চিন্তাভাবনার পরিপন্থী। নির্বাচন হলে গোর্খাবাসীদের মতের পরিপন্থী হবে। এটা আমরা হতে দেব না। যে কোনও পর্যায়ে গিয়ে আন্দোলন করতে হলে, আমি করব। কেন্দ্রের কাছেও আমি আবেদন জানাব, যাতে জিটিএ নির্বাচন একদম না করতে দেওয়া হয়”।
বিগত বেশ কয়েকদিন ধরেই পাহাড়ের রাজনীতিতে অন্য এক সমান্তরাল সমীকরণ তৈরি হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে তিনি পাহাড়ে জিটিএ নির্বাচন করাতে চান। কিন্তু মোর্চা এর বিরোধিতা করেছে। মোর্চার তরফে রোশন গিরি ও তাঁর অনুগামীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দাবী, স্থায়ীভাবে পাহাড়ের সমস্যার সমাধান চান তারা। এই জন্য আগামী ২রা এপ্রিল একটি কনভেনশনেরডাক দিয়েছেন তারা।
পাহাড়ের রাজনীতিতে কী তবে রঙ বদলের ইঙ্গিত মিলছে? এক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলি হল-
- জিটিএ প্রস্তাবিত নির্বাচনকে কেন্দ্র করে ফের বিমল গুরুং এবং বিজেপির কাছাকাছি আসার সম্ভাবনা।
- জিটিএ নির্বাচনের বিরোধিতায় বিজেপিকে পাশে পেতে চাইছেন বিমল গুরুং
- গুরুং এর সঙ্গে তৃণমূল এর বোঝাপড়ায় ইতি পড়তে চলেছে?
- বিমল গুরুং রোশন গিরি জুটি ফের পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি কে উস্কে দিতে চাইছে।
- এই দাবীতে সায় আছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার।
- দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তাকে ২ এপ্রিল বৈঠকে আমন্ত্রণ বিমল গুরুং-এর।
- গুরুং দের ডাকা বৈঠকে যেতে রাজি বিজেপি সাংসদ রাজু বিস্তা।
- দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা জিটিএ নির্বাচনের বিরোধী।
- জিটিএ নির্বাচন রুখে দিতে কেন্দ্রের কাছে আবেদন জানাবেন সাংসদ রাজু বিস্তা।
- জিটিএ নির্বাচন নিয়ে কেন্দ্রের মনোভাব কী?
- কেন্দ্র সায় না দিলে কি জিটিএ নির্বাচন করা সম্ভব?





