এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে তো মামলা চলছিলই, এবার গ্রুপ সি-তেও সেই একই অভিযোগ উঠল। বেআইনিভাবে নিয়োগ হয়েছে গ্রুপ সি-তে। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী ১৫ই মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, এই বিষয়ে সিবিআইয়ের ডিরেক্টর একটি কমিটি গঠন করবেন। এই কমিটিতে থাকবেন ডিআইজি পদমর্যাদা আধিকারিক। আজ, মঙ্গলবারের দেওয়া নির্দেশে জানানো হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা।
এদিন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বলেন, “বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। তা না হলে জেলা স্কুল পরিদর্শক ব্যবস্থা নেবেন”। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৫ মার্চ।
শুধু তাই-ই নয়, ভুয়ো চাকরির অভিযোগে ৩৫০ জনের চাকরি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ওই ৩৫০ জনের বেতন যাতে অবিলম্বে বন্ধ করা হয়, এমন নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে।
এদিকে আবার গ্রুপ ডি নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইকেই দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ভেঙে দেন। এরপরই সিবিআইকে এই মামলার তদন্তভার সপে দেন তিনি। তিনি নির্দেশ দেন যে আগামী ১৬ই মার্চের মধ্যে সিবিআইকে এই মামলার তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।





