‘৬ ঘণ্টাতেই শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছে যাবেন’, পুরভোটে জয়ের পর শিলিগুড়িকে ঢেলে সাজানোর উদ্যোগ মমতার

চার পুরসভার নির্বাচনের কার্যত তাসের ঘরের মতো উড়ে গিয়েছে বিরোধী দল। ফের জয়ের হাসি হেসেছে তৃণমূল। চার পুরসভাতেই উড়েছে সবুজ ঝড়। এই প্রথম শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল।

শিলিগুড়িতে জয়ের পরই উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে কীভাবে সহজেই ৬ ঘণ্টায় কলকাতা পৌঁছনো যায়, এর ব্যবস্থা করছেন মমতা। এ নিয়ে বেশ কাজও এগিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন শিলিগুড়িকে ঢেলে সাজানোর কথা জানিয়ে মমতা বলেন, “‌আপনারা আশীর্বাদ করেছেন। কলকাতার মতো শিলিগুড়িও ঝকঝক–চকচক করবে। ভিশন চাই। রাজারহাট যেমন ঝকঝক চকচক করছে শিলিগুড়িকেও ঝকঝক চকচক করতে হবে। সবুজ আবির খেললে হবে না মনটা সবুজ করতে হবে। গঠনে, গড়নে ভাবনায়, দর্শন, চিন্তায় মননে সবুজ হন”।

শিলিগুড়ির ট্র‌্যাফিক ব্যবস্থা নিয়েও এদিন মুখ‍্যমন্ত্রী বলেন, “‌এখানকার ট্রাফিক সিস্টেম ঢেলে সাজানো হবে। একটি ট্যারিফ প্ল্যান করতে হবে। যাতে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। কিভাবে সমস্যার সমাধান করা যায় তার প্ল্যান তৈরি করুন। প্রত্যেক পাড়াতে ছোট ছোট দোকান করতে হবে। তিস্তা সিটি তৈরি হচ্ছে। শিলিগুড়ি গেটওয়ে হয়েছে”।

এরপরই শিলিগুড়িকে কলকাতার সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি নিজেও একাধিকবার উত্তরবঙ্গে সফরে এসেছেন। নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই তিনি বলেছিলেন যে বিজেপি উত্তরবঙ্গে কোনও কাজ করেনি বলেই তাদের পরাজয় হয়েছে।

মমতার আরও সংযোজন, “শিলিগুড়ি থেকে কলকাতা সরাসরি যাওয়ার কাজ তৈরি করছি। অনেকটা মিটেছে। ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন। শিলিগুড়ি আন্তর্জাতিক বিমানবন্দর হোক চাই। ১০০ একর জমি দেখে দিয়েছি”।

RELATED Articles