ফের একবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার সন্ধ্যে ৬টার মধ্যেই তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বলে রাখি, এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ। এসএসসি সংক্রান্ত তদন্ত চালাবে সিবিআই-ই, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এরপরই পার্থকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই এখনই ফের তদন্ত শুরু করবে পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতেও নিতে পারবে সিবিআই। প্রশ্ন করা হবে ৯৮ জনকে”।
বিচারপতি আরও জানান, “আমি মনে করি, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন বা তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা আমার অনুরোধ”। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানান, “কাস্টোডিয়াল জেরা ছাড়া এই দুর্নীতির পর্দা ফাঁস হবে না”।
শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, এদিন বিকেলের মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, শিল্পমন্ত্রীর ওএসডি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডেপুটি ডিরেক্টর অফ স্কুল অলোক সরকার, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং ল অফিসার তাপস পাঁজাকেও সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বলে রাখি, গত এপ্রিল মাসে এসএসসি দুর্নীতি মামলায় প্রথম নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগের আগে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে সুপারিশ কমিটি তৈরি হয়েছিল, তা একেবারেই বেআইনি বলে দাবীঙ্করেছিল আদালত। আরভ পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টেও বলা হয়েছে যে এই কমিটি কোনও সরকারি আদেশে হয়নি। মন্ত্রীর নির্দেশে জয়েন্ট সেক্রেটারি করেছেন।





