দেশে আত্মহত্যার প্রবণতা যেন ক্রমেই দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অতিমারি থেকে শুরু করে আর্থিক অনটন, এর জেরে মানসিক চাপ বৃদ্ধি আর এর জেরে আত্মহত্যার পথ বেছে নেওয়া। এসব যেন নিত্য ঘটনা হয়ে উঠেছে। মানসিক অবসাদ দিনদিন বেশি করে পেয়ে বসছে মানুষকে। কিন্তু স্ত্রী শাড়ি পরতে পারেন না বলেই আত্মহননের পথ বেছে নেওয়া, এমন ঘটনা এই প্রথম। শুনতে অবাক লাগলেও, এমনই ঘটনা ঘটেছে বাস্তবে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে। গত সোমবার মুকুন্দনগরে এক ২৪ বছরের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত যুবকের নাম সমাধান সাবলে। গত সোমবার নিজের ঘরেই আত্মহত্যা করেন ওই যুবক, স্থানীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, মাস ছয়েক আগেই সমাধানের বিয়ে হয়েছিল। আর এরই মধ্যে এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। শুরুতে মৃত্যুর কারণ জানা না গেলেও মৃত ব্যক্তির ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে মৃত্যুর কারণ জানা যায়। মহারাষ্ট্র পুলিশ যে সুইসাইড নোটটি উদ্ধার করেছে, তা দেখে তাঁর পরিবার-সহ পুলিশ কর্তা, সকলেই হতভম্ব।
এই সুইসাইড নোট থেকে জানা গিয়েছে যে মাস ছয়েক আগে বিয়ে করলেও বৈবাহিক সম্পর্কে সুখী ছিলেন না সমাধান। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছেন যে তাঁর মানসিক অবসাদে ভোগার কারণ তাঁর স্ত্রী। তিনি জানিয়েছেন যে তাঁর স্ত্রী নাকি শাড়ি পরতে পারেন না। ঠিকঠাক কথা বলতে পারেন না, কোনও আদবকায়দা জানেন না। পরিবার সূত্রে খবর, নিজের থেকে বছর ছয়েকের বড় এক মহিলাকে বিয়ে করেছিলেন।
উল্লেখ্য, চিকিৎসক মহলের মতে, ওই যুবকের আত্মহত্যার কারণ মানসিক অবসাদই। অন্যদিকে আবার এই ঘটনাকে কেন্দ্র করে নানান নারীবাদী সংগঠনগুলি নানান মত পোষণ করেছেন। একজন নারীর দিকে বিনা কারণে এমন অভিযোগ ওঠায় নারীবাদী সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছেন। মৃত ব্যক্তির মানসিকতা ও নারীদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে উঠেছে প্রশ্ন।





