রামপুরহাটের বগটুই গণহত্যাকাণ্ডের তদন্তভার তো আগেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার সেখানকার তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতেই তুলে দিল উচ্চ আদালত।
আদালতের তরফে জানানো হয়েছে যে বগটুই গণহত্যাকাণ্ডের মামলা ও ভাদু শেখের খুনের মামলা একে অপরের সঙ্গে জড়িত। এই কারণে এই দুই মামলার তদন্ত যদি একসঙ্গে না করা হয়, তাহলে আসল দোষীদের খুঁজে বের করা সম্ভব নয়।
বগটুই গণহত্যাকাণ্ডের মামলা হাতে পাওয়ার পরই পুরোদমে কাজ শুরু করে দিয়েছিল সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত চারজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে সিবিআই। তারা বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের হয়ে কাজ করত বলে জানা গিয়েছে।
আর এবার তৃণমূল নেতা ভাদু শেখের খুনের মামলারও তদন্ত করবে সিবিআই। এর জেরে এই গোটা ঘটনার জট খুলতে যে সুবিধা হবে, তেমনটাই আশা রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।





