রাজ্য সরকারের উপর অনাস্থার জের! আর জি কর নয়, সেনাবাহিনীর কমান্ড হাসপাতালেই হবে মৃত বিজেপি নেতার ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের

বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত কোনও সরকারি হাসপাতালে নয়, হবে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

অর্জুনের পরিবারের তরফে প্রথম থেকেই এমন দাবী করা হচ্ছিল। এবার পরিবারের সেই দাবী মেনেই এমন নির্দেশ দিল আদালত। রাজ্যের তরফে আদালতে জানানো হয় যে চিকিৎসক, পুলিশ ময়নাতদন্তের জন্য তৈরি। কিন্তু অর্জুনের পরিবার সহযোগিতা করছে না।

মৃত বিজেপি নেতার পরিবারের আইনজীবী জানান যে রাজ্যের মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের উপর আস্থা নেই মৃতের পরিবারের। পরিবারের দাবী, এইমস কল্যাণী বা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি না কোনও নিরপেক্ষ সংস্থা ময়নাতদন্ত করুক। কারণ তাদের পুলিশের উপর কোনও আস্থা নেই। সেই কারণেই পরিবারের দাবী মেনেই কমান্ড হাসপাতালে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত।

ওয়াকিবহাল মহলের মতে, আদালতের এমন নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক কিছু ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেন নি ক্ষতিগ্রস্তরা। সেই কারণে সেইসব মামলার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। আর এবারও হাইকোর্ট জানাল যে ময়নাতদন্ত হবে কমান্ড হাসপাতালে।

ময়নাতদন্তের জন্য আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অর্জুনের মৃতদেহ। সেখানে ময়নাতদন্তের জন্য তিন চিকিৎসকের এক প্রতিনিধি দলও গঠন করা হয়। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে আর জি কর থেকে কমান্ড হাসপাতালে অর্জুনের দেহ নিয়ে যাওয়ার সময় যাতে পর্যাপ্ত পুলিশ থাকে।

জানা গিয়েছে, ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন উত্তর ২৪ পরগণার সিজেএম। কমান্ড হাসপাতালকে টিম গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত করতে হবে। কলকাতা পুলিশ কমিশনারকে মৃতের পরিবারকে সবরকম নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles