যাদের কাঁধে আইন রক্ষার দায়িত্ব রয়েছে, তারাই যদি দিনদুপুরে বেহুঁশ হয়ে পড়ে থাকেন, তাহলে আর কার উপর ভরসা করা যায়? আসানসোল কোর্ট চত্বরে এক পুলিশের এমন অবস্থা দেখে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বুধবার সকালে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে ম’দ্য’প অবস্থায় দেখা যায় আসানসোল কোর্ট চত্বরে।
সূত্রের খবর, ওই ব্যক্তির উর্দির নেমপ্লেটে নাম লেখা ছিল সন্তোষ কুমার। আসানসোল কোর্টের আইনজীবীদের একাংশের কথায়, বার অ্যাসোসিয়েশনের হলের সামনে ওই ব্যক্তিকে ম’দ্য’প অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই ছড়ায়। ওই ব্যক্তিকে তুলে ধরার চেষ্টা করা হলেও তাঁর কোনও হুঁশ ছিল না। এমনকী, নিজের থেকে সরে যাওয়ার ক্ষমতাও ছিল না।
এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান আইনজীবীরা। ওই মদ্যপ পুলিশ আধিকারিককে আসানসোল দক্ষিণ থানার পুলিশের গাড়ি এসে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। এই বিষয়ে পুলিশ কোনও মন্তব্য না করলেও আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয় যে সন্তোষ কুমার শারীরিকভাবে অসুস্থ।
এই ঘটনায় তীব্র ক্ষোভ জারি করে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি বানি মণ্ডল বলেন, “এই ধরণের ঘটনা সমাজে খারাপ বার্তা দেয়। আমরা সবসময় প্রশাসনের সঙ্গে রয়েছি। সমাজ যাতে ভালোভাবে চলে, সেটাই আমরা দেখব”।
এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি যখন ব্যক্তিগত প্রয়োজনে কোর্ট চত্বরে আসি, তখন দেখি ওই পুলিশ অফিসার ম’দ্য’প অবস্থায় কোর্ট চত্বরে পড়ে রয়েছেন। দু’জন ছেলে তাঁকে ধরে গাছের তলায় রেখে যায়। তখন আমি আর এক পুলিশ অফিসারকে ঘটনাটি দেখতে বলি, কিন্তু তিনি কোনও পাত্তা না দিয়ে চলে যান। রাজ্য কী তাহলে এভাবেই চলবে? সে রক্ষক, সেই ভক্ষক? যাদের নিরাপত্তায় আমরা বেঁচে আছি, তাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাব”?





