জাতীয় সড়কের জন্য নেওয়া রাস্তায় বেআইনি দখল। দখল করা জমিতে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। সেই বেআইনি দখলকে উচ্ছেদের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বেআইনি জমি দখলের ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন উত্তর ২৪ পরগণার বসিরহাটের মাটিয়া থানা এলাকার কাকড়া মউজার এক বাসিন্দা। তাঁর অভিযোগ ছিল। তাঁর বাড়ির সামনেই পূর্ত দফতরের রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি এখন দখল হয়ে গিয়েছে।
ওই ব্যক্তির দাবী, সেই জমি দখল করে একের পর এক উঁচু বিল্ডিং গড়ে উঠেছে। এমনকি, এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে তৃণমূলের পার্টি অফিসও। এমন অবস্থায় এখন তাঁর বাড়িতে ঢোকার রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। বারবার আবেদন করেও কোনও লাভ না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, এই মামলায় হাইকোর্টে তিপরত জমা করেছে বসিরহাট পূর্ত দফতর। সেখানে অভিযোগের সত্যতার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ওই বেআইনিভাবে দখল করা জমির মধ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ও রয়েছে। সেই মামলার শুনানি ছিল আজ, শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে গর্জে উঠে ছাত্রীদের সাহস জুগিয়েছিলেন, এবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ফের সরব তারাসুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকা
এদিন পূর্ত দফতরের সেই রিপোর্ট দেখে বিচারপতি নির্দেশ দেন, তৃণমূলের পার্টি অফিস সহ ওই জায়গায় যাবতীয় বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে হবে। বেআইনিভাবে গড়ে ওঠা বিল্ডিং সরাতে হবে বলে কড়া নির্দেশ তাঁর। আগামী ১২ সপ্তাহের মধ্যে উত্তর ২৪ পরগণার জেলাশাসককে এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি।





