এর আগে আর জি কর কাণ্ডের সময় সাহসের পরিচয় দিয়েছেন তিনি। সেই সময় নিজের ছাত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে সকলের নজর কেড়েছিলেন হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। আর এবার বাংলাদেশে ক্রমবর্ধমান চলতে থাকা হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়েও গর্জে উঠলেন তিনি।
আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন করে গোটা রাজ্য। রাজ্যের নানা প্রান্তের মানুষ তো বটেই নানা স্কুলের পড়ুয়ারাও এই আন্দোলনে সামিল হয়েছিল সেই সময়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিজের স্কুলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদ করেছিলেন হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। তাঁর তখনকার সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই স্কুলগুলিতে মিছিল না করার নির্দেশ আসে সরকারের তরফে।
আর এবার ফের একবার খবরের শিরোনামে মোনালিসা মাইতি। বাংলাদেশে দিনের পর দিন ধরে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন-অত্যাচার চলছে, এবার সেই ঘটনা নিয়ে সরব হলেন তিনি। আগামী রবিবার হাওড়ার রবীন্দ্র ভবনে জমায়েতের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালেন শিক্ষিকা।
এক সংবাদমাধ্যমে শিক্ষিকা মোনালিসা মাইতি জানান, “গত কয়েক মাস ধরেই আমাদের প্রতিবেশী দেশ উত্তাল। এতদিন চুপ করেছিলাম, তাঁদের রাজনৈতিক বিষয়ে মাথা গলাইনি। কিন্তু আমরা দেখছি স্বাধীন একটি দেশে সংখ্যালঘু তত্ত্ব দিয়ে নাগরিকদের মারা হচ্ছে”।
আরও পড়ুনঃ যত নষ্টের গোড়া সন্দীপ ঘোষই, আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই, রয়েছে আরও কয়েকজনের নাম
উল্লেখ্য, একদিকে যখন হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে ওপার বাংলায়, সেই সময় আবার বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির দাবীতে গর্জে উঠেছে এপার বাংলাও। এবার এমন ঘটনায় তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির সাফ কথা, “বিবেক থাকলে এরমধ্যে কেউ চুপ করে থাকতে পারে না”।





