মিলল না হাইকোর্টের রক্ষাকবচ, গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের তলব অনুব্রতকে, এবার না গেলেই কড়া পদক্ষেপ, মহাবিপদে তৃণমূলের ‘কেষ্ট’

বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি খবরের শিরোনামে বারবার উঠে এসেছেন। বীরভূমের রামপুরহাট গণহত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য করে চর্চায় আসেন তিনি। এমনকি, এই মামলায় নামও জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। আর এবার ফের একবার বড় ধাক্কা খেলেন তিনি।

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর্জি জানিয়েছিলেন যাতে তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। কিন্তু কেষ্টর পক্ষে রায় দিল না হাইকোর্ট। মিলল না রক্ষাকবচ। আর এমন আবহে ফের তাঁর ডাক এসেছে সিবিআইয়ের পক্ষ থেকে। আগামী ৬ই এপ্রিল, বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। ফলে এবার তাঁকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতেই হবে।

গত ১৪ই ফেব্রুয়ারি গরপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার সিবিআইয়ের তরফে সমন পাঠানো হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। সেবার হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর ২৫শে ফেব্রুয়ারি আরও একটি নোটিশ পাঠানো হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেবারও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত। ১৫ই মার্চ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে রক্ষাকবচের জন্য আবেদন করেন তিনি।

তিনি জানান যাতে সিবিআই তাঁকে কলকাতায় নয়, বোলপুরেই জিজ্ঞাসাবাদের জন্য আসে। তিনি অসুস্থ তাই কলকাতায় যেতে পারবেন না। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় যে অসুস্থ হওয়া সত্ত্বেও তো তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে, তিনি কলকাতায় চিকিৎসা করাতেও আসছেন, তাহলে হাজিরা দিতে সমস্যা কোথায়?

দু’পক্ষের এই সওয়াল-জবাব শোনার পরই হাইকোর্টের তরফে খারিজ করা হয় অনুব্রত মণ্ডলের আবেদন। রক্ষাকবচ দেওয়া হল না তাঁকে। ফলে এবার তাঁকে সম্ভবত নিজাম প্যালেসে যেতেই হবে।

আরও অন্যান্য খবর