বড় সুখবর! এবার কলকাতার রাস্তায় চলবে ট্রলি বাস, বড় ঘোষণা রাজ্য সরকারের

যানজট এড়াতে এখন প্রায় বিলুপ্তির পথে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। ট্রামের সেই বৈদ্যুতিক তারে এবার চলবে ট্রলি বাস। কলকাতার রাস্তায় ট্রলি বাস নামানোর ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার।

জানা গিয়েছে, জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ই-বাস, ই-অটোর পাশাপাশি চার্জিং ঝামেলা এড়ানোর জন্য ট্রলি বাস নামানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। কলকাতার রাস্তায় ই-বাস, ই-অটোর পাশাপাশি ট্রলি বাস চালানোর রূপরেখা স্থির কররা জন্যই গতকাল, শুক্রবার পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক এবং কলকাতার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ই-বাস নির্মাণকারী, বাসের যন্ত্রাংশ সরবরাহকারী কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এই বৈঠকেই জানানো হয় যে ক্রমেই দাম বাড়ছে জ্বালানির আর এই কারণেই ই-বাস, ই-অটো চালানোর উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।

বৈঠকে এও জানানো হয় যে সব জায়গায় ঠিকঠাক চার্জিং স্টেশন নেই। এই কারণে ট্রলি বাস আনার ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য। মহানগরের রাস্তায় পরীক্ষা করার জন্য ট্রলি বাস নামানোর পরিকল্পনা চলছে, সেই পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তাহলে ট্রলি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান ফিরহাদ হাকিম।

জ্বালানির দামবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই নিয়ে সরব হয়েছে তৃণমূলও। এদিকে জ্বালানির দাম বাড়ার কারণে ভাড়া বাড়াতে চাইছে বাস মালিকের সংগঠনগুলিও। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উবেরও। এমন আবহে ট্রলি বাস চালু করার ভাবনাচিন্তা বেশ তাৎপর্যপূর্ণ।

শুধু ট্রলি বাস চালু করাই নয়, শহরের সর্বত্র যাতে ই-বাসের জন্য চার্জিং স্টেশন বসানো যায়, তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান ফিরহাদ হাকিম। এছাড়াও, শহরে ই-অটো নামানোর কথাও ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। শুধুমাত্র শহর কলকাতায় নয়, কলকাতার বাইরেও ই-অটো চালু করার কথা ভাবছে রাজ্য সরকার।

RELATED Articles