চাকরি থেকে বরখাস্ত করা হল পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীকে, ৪১ মাসের বেতনের টাকা ফেরত দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী(Paresh Asdhikari)। প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই অঙ্কিতা অধিকারীকে(Ankita Adhikari) চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Ganguly) নির্দেশ দিয়ে জানান যে এখনও পর্যন্ত অঙ্কিতাকে দেওয়া সমস্ত বেতন দুটি কিস্তিতে ফেরত দিতে হবে তাঁকে।

বাবার প্রভাব খাটিয়ে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল অঙ্কিতার বিরুদ্ধে। এই অভিযোগ এনেছিলেন ববিতা অধিকারী নামের একজন এসএসসি পরীক্ষার্থী। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি আদালত এই নির্দেশও দেয় যে তিনি আর ওই স্কুলে ঢুকতে পারবেন না বা নিজেকে আর শিক্ষিকা হিসেবে পরিচয়ও দিতে পারবেন না।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে অঙ্কিতাকে প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৭ই জুন। আর দ্বিতীয় কিস্তির তারিখ ৭ই জুলাই।

২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকায় নাম উঠেছিল অঙ্কিতার। এই পরীক্ষার প্রথম মেধা তালিকার প্রথম ২০ জনের মধ্যে অঙ্কিতার নাম না থাকায় দ্বিতীয় মেধা তালিকার একেবারে প্রথমেই নাম ওঠে অঙ্কিতার। কিন্তু পুরোটাই বেআইনিভাবে।

এই মেধা তালিকার ২০ নম্বরে যে পরীক্ষার্থীর নাম ছিল সেই ববিতা অধিকারীর থেকেই ১৬ নম্বর কম পেয়েছিলেন অঙ্কিতা। ববিতার প্রাপ্ত নম্বর ছিল ৭৭ আর অঙ্কিতার প্রাপ্ত নম্বর ছিল ৬১। কিন্তু তা সত্ত্বেও তাঁর বাবা প্রভাব খাটিয়ে মেয়ের নাম দ্বিতীয় মেধা তালিকার প্রথমে নিয়ে আসে। আর এর জেরে চাকরির সুযোগ হারান ববিতা।

RELATED Articles