তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এর জেরে গতকালের পর আজ, শুক্রবার ফের একবার সিবিআই(CBI) তলব করল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে(Paresh Adhikari)। আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সকাল সকালই সিবিআই দফতরে পৌঁছন মন্ত্রী।
গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার থেকে কলকাতা আসেন পরেশ অধিকারী। এরপর সোজা যান সিবিআই দফতরে। সেখানে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে জেরা চলে তাঁর। কিন্তু সেই বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। এই কারণে আজ ফের নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রতিমন্ত্রী।
গত মঙ্গলবার প্রথম কলকাতা হাইকোর্ট পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় তাঁর। বেআইনিভাবে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি করিয়েছেন তিনি, এমন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই গত মঙ্গলবার রাত ৮টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে।
তবে সেদিন তিনি মেখলিগঞ্জে থাকায় হাজিরা দিতে পারেন নি। এরপর সেদিন সন্ধ্যাতেই তিনি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা আসার জন্য পদাতিক এক্সপ্রেসে ওঠেন। কিন্তু শিয়ালদহ স্টেশনে নামতে দেখা যায় না তাঁকে। শোনা যায়, বর্ধমান স্টেশনে তিনি মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে নেমেছেন। এরপরই কার্যত ভ্যানিশ হয়ে যান তিনি। সে নিয়েও বিতর্ক কম হয়নি।
তবে গতকাল, বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দেন মন্ত্রীকে। এরপর এদিন বিকেলে পরেশ অধিকারীকে দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে ঢুকতে। সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি কলকাতা যাচ্ছেন। এরপর শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা ২৬ মিনিট নাগাদ তিনি পৌঁছন নিজাম প্যালেসে।
এসবের মধ্যেই মিলেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, শুধু নিজের মেয়েরই নন, অন্য এক প্রার্থীকেও বেআইনিভাবে চাকরি দিতে মেধাতালিকায় কারচুপি করেছেন মমতার মন্ত্রী। তাঁর নাম মনি দাস। এই দুর্নীতির পিছনে আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করতে উদ্যত সিবিআই। এই কারণে ফের একবার তলব করা হল পরেশ অধিকারীকে।





