আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য তো বটেই, গোটা দেশ উত্তপ্ত। বিদেশের মাটিতেও ছড়িয়েছে এই ঘটনার আঁচ। দিকে দিকে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। আন্দোলনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। আসল দোষীদের উপযুক্ত ও কঠোর শাস্তি চাই, সকলের মুখে একটাই দাবী। এই নিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছে মামলা। এবার এই মামলার এক বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
আর জি করের তরুণীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দাবী গত বুধবার রাতে রাস্তায় নামেন মহিলারা। রাত দখলের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। রাজ্যের নানান প্রান্তের মহিলারা এদিন তরুণী চিকিৎসকের জন্য বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে ধারণা সকলের। ঘটনার তদন্ত করছে সিবিআই।
এই প্রতিবাদের মাঝেই আবার ঘটছে অন্য এক ঘটনা। তরুণী চিকিৎসকের জন্য প্রতিবাদের দাবী তুলতে গিয়ে অনেকেই তরুণীর আসল নাম ও ছবি প্রকাশ্যে আনছেন। তাঁর ছবি দিয়ে নানান লেখা পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মৃতা তরুণীর নাম নিয়েই নানান তাঁর প্রতি অন্যায়ের দাবীতে গড়ে উঠছে প্রতিবাদ। এবার এই ঘটনায় বড় এক নির্দেশ দিল হাইকোর্ট।
আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে আর জি করের ঘটনার এক মামলার শুনানি ছিল। সেখানেই ওঠে এই প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়া বা চারিদিকে দেখা যাচ্ছে আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ্যে আসছে। সেই ঘটনায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম যারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত বা এই কাজ করছেন, তাদের সাবধান করে দেন। তিনি জানান, এই ধরণের কাজের জন্য আলাদা আইন রয়েছে। এমন কাজ কেউ করছে ধরা পড়লে, তাদের কড়া শাস্তি দেওয়া হবে।
আসলে, নির্যাতিতা তরুণীর আসল নাম বা ছবি প্রকাশ্যে আনার আইন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও নির্যাতিতার ছবি বা আসল নাম প্রকাশ্যে আনা হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রয়েছে কড়া শাস্তির নিদান। ফলে এই ক্ষেত্রে এদিন হাইকোর্ট এই বিষয়ে সাবধান করে দেন। আপনিও এই কাজ করছিলেন না তো?





