আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। গত বুধবার স্বাধীনতা দিবসের প্রাক-রাতে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা। আর জি করেও চলে আন্দোলন। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইয়ের জালে আটক আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আজ, শুক্রবার সন্দীপ ঘোষকে তলব করেছিল সিবিআই। কিন্তু তাঁর বাড়ির সামনে বিক্ষোভ জমায়েতের কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান তিনি। শুধু তাই-ই নয়, সিবিআই তলব এড়ানোর জন্যই এক কাণ্ড ঘটান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন জানান তিনি।
আজ এও দেখা গিয়েছিল যে তিনি নিজের বাড়িতে ছিলেন না সকাল থেকে। তাঁর বাড়িতে ঝুলছিল তালা। তিনি কী পালানোর চেষ্টা করছেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে এবার সিবিআইয়ের জালে ধরা পড়লেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। জানা গিয়েছে, সল্টলেকের রাস্তা থেকে তাঁকে আটক করে সিবিআই। মোবাইলের লোকেশন ট্র্যাক করে ধরা হয়েছে সন্দীপ ঘোষকে, এমনটাই সূত্রের খবর। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
বলে রাখি, আর জি করের ঘটনায় পড়ুয়া চিকিৎসকদের ক্ষোভের মুখে পড়ে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু তা সত্ত্বেও কমছে না বিক্ষোভ। তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হচ্ছে বলে খবর। এমন আবহে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতেই সেই তলব এড়াতেই আগেভাগে হাইকোর্টে আবেদন জানান সন্দীপ ঘোষ। নিরাপত্তা চেয়েছিলেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি ছিল। তবে এর আগেই আটক হলেন তিনি।





