জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, নিষ্ক্রিয় পুলিশ, জমির মালিক হাইকোর্টের দ্বারস্থ হতেই এল কড়া নির্দেশ

জোর করে জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশে অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করে নি পুলিশ, এমনটাই দাবী জমির মালিকের। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এবার আদালতের তরফে এল কড়া নির্দেশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভা। জানা গিয়েছে, সেখানকার ২ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর কবি মুকুন্দ দাস রোডে একটি রবার কারখানা রয়েছে এক ব্যক্তির। সেই কারখানা সংলগ্ন কিছুটা ফাঁকা জমি রয়েছে তাঁর। অভিযোগ, ২০২৩ সালের ৮ জানুয়ারি সেই কারখানায় দুজনকে নিয়ে চড়াও হন স্থানীয় কাউন্সিলর বিউটি হালদারের স্বামী বিপ্লব হালদার। কারখানা সংলগ্ন জমিটি দাবী করে তারা।

কারখানার মালিক জানাচ্ছেন, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় অনবরত তাঁকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার প্রায় ২ বছর কেটে গেলেও এর প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করেনি পুলিশ, এমনটাই অভিযোগ। সেই কারণে শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গতকাল, শুক্রবার এই মামলার শুনানি ছিল। জমির মালিক অভিযোগ করেছেন, তাঁর কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি নিজের কারখানায় ঢুকতে পারছেন না। কাউন্সিলর ও তাঁর দলবল বাধা দিচ্ছেন। একথা শুনেই বেশ চটে যান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ ‘জোটের নেতৃত্বরা আমাকে দেখতেই পারে না…’, ইন্ডি জোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় 

এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে এই মামলার তদন্তের নির্দেশ দেন বিচারপতি। কোনও রাজনৈতিক প্রভাব থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এছাড়াও, মামলাকারী ব্যক্তি যাতে কারখানায় প্রবেশ করতে পারেন, সেই ব্যবস্থাও করতে বলা হয়েছে।

আরও অন্যান্য খবর