মিড ডে মিল নিয়ে রাজ্যে বিতর্ক এখনও চলছে। কেঁচো, সাপ, টিকটিকির পর এবার মিড ডে মিলে মিলল শুঁয়োপোকা। আর সেই খিচুড়ি আবার খেয়েও ফেলল বেশ কিছু পড়ুয়া। ঘটনার কথা জানাজানি হতেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াদের। চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কের তেমন কিছু নেই।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নারানদা এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাউ জানান প্রতিদিনের মতোই গতকাস্ল, বৃহস্পতিবারও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি হয় খিচুড়ি। পরে এক মহিলা এসে বলেন তাঁর খিচুড়িতে নাকি আস্ত একটি শুঁয়োপোকা মিলেছে।
সুজাতা জানান, “তখনই ওই মহিলাকে খিচুড়ির টিফিন স্কুলে ফেরত আনতে বলি। তবে তত ক্ষণে অনেকেই সেই খিচুড়ি খেয়ে নিয়েছিলেন। এর পরেই গ্রামের মহিলাদের খবর দেওয়া হলে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন”
এই ঘটনার খবর পেয়েই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রও। তিনি বলেন, “খাবারে শুঁয়োপোকা পড়েছে শুনেই ছুটে এসেছি। চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করে যার যেমন প্রয়োজন, তেমন প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। আইসিডিএস সেন্টারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছি। আগামী দিনে যেন এমনটা না হয়, সেই বিষয়ে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছি”।
বলে রাখি, কিছুদিন আগেই পাঁশকুড়া মাইশোরা এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছিল টিকটিকি। জেলাশাসক পরিদর্শনে গিয়ে পাঁশকুড়ার এক স্কুলের রান্নাঘরে এক কুকুরকে ঘুরঘুর করতে দেখে বেশ ধমকও দিয়েছিলেন। এবার সেই পাঁশকুড়ারই এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে মিলল শুঁয়োপোকা।





