এই নিয়ে তাঁকে দশমবার নিজাম প্যালেসে (Nizam Palace) ডেকে পাঠানো হল সিবিআইয়ের (CBI) তরফে। গরু পাচার মামলায় আগামীকাল, বুধবার ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইমেল মারফৎ অনুব্রতকে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল বেলা ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এবারও হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে।
গরু পাচার মামলায় এই নিয়ে দশমবার নোটিশ পাঠানো হল অনুব্রতকে। গতকাল, সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল নিজাম প্যালেসে। কিন্তু গত রবিবার অনুব্রত ইমেল করে জানান যে তাঁকে এসএসকেএমে চিকিৎসার জন্য যেতে হবে। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। তাঁর আইনজীবী সিবিআইকে জানান যে অনুব্রত অসুস্থ।
এরপরই নোটিশ দিয়ে সিবিআই জানিয়েছিল যে এসএসকেএমে চিকিৎসা করিয়ে হলেও অনুব্রতকে গতকালই হাজিরা দিতে হবে। এসএসকেএমে অনুব্রতর চিকিৎসা করার পর চিকিৎসক জানান যে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। এরপর মনে করা হয়েছিল যে তিনি হয়ত নিজাম প্যালেসে যাবেন। কিন্তু তা হয়নি। সোজা চিনার পার্কে নিজের ফ্ল্যাটে চলে যান অনুব্রত।
গতকাল সন্ধ্যেবেলাই সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য হানা দেয় অনুব্রতর চিনার পার্কের ফ্ল্যাটে। কিন্তু তিনি ততক্ষণে কলকাতা ছেড়ে বীরভূমের দিকে রওনা দিয়েছেন। সেই কারণে নোটিশ দেওয়া হয়নি সিবিআইয়ের। তবে আজ সিবিআই নোটিশ দিয়ে ফের তলব করল তৃণমূল নেতাকে। আগামীকাল, বুধবারই তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।
বলে রাখি, গতকাল, সোমবার গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে সিবিআই। এই চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। সায়গল এখন হেফাজতে। এই যোগসূত্রের কারণেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তবে আগামীকালও যদি অনুব্রত হাজিরা উপেক্ষা করেন, তবে বড় কোনও কড়া পদক্ষেপ নেবে সিবিআই, এমনটাই জানা গিয়েছে।





