ভোট পরবর্তী হিংসার ঘটনায় মৃত শোভারানি মণ্ডল ‘খুনে’ অভিযুক্ত দুই মহিলা এখনও অধরা, অভিযুক্তদের ধরতে মোটা টাকার পুরস্কার ঘোষণা সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় মৃত শোভারানি মণ্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে এখনও ধরতে পারে নি সিবিআই। এবার তাদের ধরতে মোটা টাকার পুরস্কার ঘোষণা করা হল। দুই অভিযুক্ত মহিলাকে ধরে দিতে পারলেই ৫০ টাকা পুরস্কার দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আদালতের নির্দেশের পর এই ঘোষণা করা হয়েছে। শোভারানি মণ্ডল খুনে অভিযুক্ত ওই দুই মহিলা হলেন প্রতিমা ঘোষ ওরফে মউ ও ঝর্ণা মিস্ত্রি ওরফে মামনি।

অভিযুক্তদের নাম ও তাদের বিরুদ্ধে কোন মামলা চলছে, তা সবিস্তারে জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে, যিনি অভিযুক্তদের তথ্য দেবেন বা সাহায্য করবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, ও ল্যান্ড ফোন নম্বর দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

গত ২ মে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় শ্যামনগরের রাউতা বিআরএক কলোনির বাসিন্দা শোভারানি মণ্ডলের। তাঁর ছেলে ১৭১ নম্বর বুথের সভাপতি ছিলেন। ভোট পরবর্তী পর্যায়ে তাঁর ওপর তৃণমূল কর্মী সমর্থকদের হামলা চালানোর অভিযোগ ওঠে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা শোভারানি। বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনায় প্রাথমিক পর্যায়ে তদন্ত করে পুলিশ।

গত সেপ্টেম্বর মাসে ব্যারাকপুর আদালতে এসে রতন হালাদার নামের এক অভিযুক্ত আত্মসমর্পণ করে। এরপর অক্টোবর মাসে আই মামলায় ৮ জনকে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিশের প্রেক্ষিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেখা করে তারা। তাদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপরই ওই ৮ জনকে গ্রেফতার করে সিবিআই।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় মৃত শোভারানি মণ্ডল ‘খুনে’ অভিযুক্ত দুই মহিলা এখনও অধরা, অভিযুক্তদের ধরতে মোটা টাকার পুরস্কার ঘোষণা সিবিআইয়ের

তবে অন্য দুই অভিযুক্ত মউ ও মামনির কোনও খোঁজ মেলেনি। এই কারণে এবার তাদের ধরে দেওয়ার জন্য মোটা টাকার পুরস্কার ঘোষণা করল সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করতে জেলায় জেলায় ঘুরছে সিবিআইয়ের দল। কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণায় পৌঁছয় সিবিআই। ভোট পরবর্তী হিংসার ঘটনায় এক তৃণমূল সমর্থকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাছাড়া, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের অভিযুক্তদের ধরতেও মোটা টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই।

RELATED Articles