নারদ কাণ্ডে নতুন মোড়। আজ, সোমবার সকালেই কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে অভিযান চালায় সিবিআই। তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিন তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।
এদিন বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, “আমাকে নারদ মামলায় গ্রেফতার করল সিবিআই। স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হয়েছে। কোর্টে দেখে নেব”।
এও জানা গিয়েছে যে এদিন সকালেই মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কেও নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। সুব্রত মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে আনা হয়েছে।
ফিরহাদকা বাড়ির বাইরে আনা হতেই তাঁর সমর্থকরা স্লোগান দিতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শুরু হয় বচসা। পরে ফিরহাদ তাদের শান্ত করেন। আজই সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করবে বলে জানা গিয়েছে।





