এবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC scam case) মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) গ্রেফতার করল সিবিআই (CBI)। টানা ৬ ঘণ্টা ধরে জেরার পর অবশেষে গ্রেফতার (arrest) করা হল তাঁকে। বর্তমানে নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য।
অনেকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। একাধিকবার জেরার মুখেও পড়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ফের তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন। অনেক নথি নিয়ে গিয়েছিলেন তিনি। সন্ধ্যে ৬টা পর্যন্ত টানা জেরা করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
সূত্রের খবর, জেরার সময়ে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। অনেক প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছেন তিনি। এই কারণেই গ্রেফতার করা হয় তাঁকে। বর্তমানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে শারীরিক পরীক্ষার জন্য। গাড়িতে ওঠার সময়ে কল্যাণময় বলেন, “যা বলেছি, সত্যি বলেছি”।
প্রসঙ্গত, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ১০ বছর এই পদে ছিলেন তিনি। চলতি বছরেই তাঁর সভাপতিত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাঁর পর পর্ষদের সভাপতি কে হবেন, নাকি তাঁকেই ফের এই পদে বহাল রাখা হবে, সে নিয়ে জল্পনাও চলছিল। তবে এরই মাঝে এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।
তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। একাধিকবার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন তিনি। এ নিয়ে তুমুল বিতর্কও তৈরি হয়। আর বিতর্কের মাঝেই স্কুল শিক্ষা দফতরে কল্যাণময়কে সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। শুধু জেরাই নয়, তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই। আর এবার তাঁকে গ্রেফতারও করা হল।
বলে রাখি, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও তৎকালীন সচিব অশোক সাহাকেও গ্রেফতার করে সিবিআই।





