মুক্তি নেই পার্থর! এসএসসি-র পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই, বড় বিপাকে

আগে তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেল খাটছিলেনই তিনি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। এর জেরে আরও বড় বিপাকে পার্থ। অনুব্রত মণ্ডলের মতো জেলমুক্তি তাঁর নেই।

আজ, মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় পার্থকে। এরপর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতারের আবেদন জানায় সিবিআই। আদালতের তরফে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। পার্থর পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করা হয়। এরপর তাঁকেও গ্রেফতার করে সিবিআই।  

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসের শেষের দিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও প্রচুর সোনা। অর্পিতাকেও গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকেই জেলে রয়েছেন পার্থ ও অর্পিতা।

বারবার কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জামিনের আর্জি জানান তিনি। আজ, মঙ্গলবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নিম্ন আদালতকে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি করতে হবে। আর আজই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ফের গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। এবার সিবিআইয়ের জালে বন্দী তিনি।   

বলে রাখি, গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, তাতে সর্বোচ্চ ৭ বছর সাজা হতে পারে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিনি ২ বছর ধরে জেল খাটছেন। তাই তাঁকে দ্রুত জামিন দেওয়ার কথা জানান আইনজীবী। সেই প্রেক্ষিতেই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। এদিন এই ডিভিশন বেঞ্চ জানায়, নিম্ন আদালতকে নিয়মিতভাবে দ্রুত এই মামলা শুনতে হবে। ১০ দিন পর সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি।

আরও পড়ুনঃ ‘আর জি কর কাণ্ডের প্রতিবাদও করেছি, উৎসবও করব’, লক্ষীর ভান্ডারের টাকায় পুজো করার উদ্যোগ মহিলাচালিত এই পুজো কমিটির!

অন্য দিকে, ২০২৩ সালে তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। এবার তাঁকেও প্রাথমিকে নিয়োগ মামলাতে গ্রেফতার করল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। সেই টাকা গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। ইমেল করে প্রার্থী তালিকা সন্তুকে পাঠিয়েছিলেন অয়ন। আর সন্তু সেই তালিকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে যিনি আপাতত জেলবন্দি।

RELATED Articles