রোজভ্যালি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু। এবার সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু। রোজভ্যালি কাণ্ডে তাঁকে একাধিকবার জেরা করেছে সিবিআই। কিন্তু তাঁর কাছ থেকে পরিষ্কারভাবে কোনও উত্তর মেলেনি বলেই অভিযোগ। সব প্রশ্নের সঠিক জবাব না দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
আমানতকারীদের থেকে বিপুল পরিমাণ টাকা তুলেছিল এই সংস্থা। কিন্তু সেই টাকার একটা বড় অংশের খোঁজ এখনও মেলেনি বলে অভিযোগ। এই বিষয় নিয়েই সিবিআই জেরা করে শুভ্রাকে। কিন্তু তিনি সেই সংক্রান্ত কোনও উত্তর সঠিকভাবে জানাতে পারেননি বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সিবিআই-এর দাবী, গৌতম কুণ্ডুর নির্দেশেই সংস্থার টাকা পাচার কড়া হয়েছে। এমনকি, বিদেশেও টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শুভ্রার বিরুদ্ধে।
সিবিআই-এর অভিযোগ, শুভ্রা তদন্তে অসহযোগিতা করেছেন। গৌতম কুণ্ডুর গ্রেফতার হওয়ার পর থেকেই সংস্থা চালনার দায়িত্বে রয়েছেন শুভ্রা। সংস্থা কীভাবে চালানো হবে, তা জেল থেকে শুভ্রাকে নির্দেশ দিতেন গৌতম। ফলে আমানতকারীদের টাকা থেকে সংগৃহীত টাকা কোথায় গেল, বা অন্য কোনও খাতে তা ব্যয় করা হয়েছে কী না, সেই সমস্ত তথ্য শুভ্রার কাছেই রয়েছে বলে অনুমান সিবিআই-এর। কিন্তু তারপরেও তিনি তদন্তে সহযোগিতা করেননি।
জানা গিয়েছে, পরপর দু’দিন সিবিআই জেরা করেছে শুভ্রাকে। আজও তাঁকে বেশ কিছু প্রয়োজনীয় নথি পেশ করতে বলা হয়, কিন্তু ঠিকঠাক কোনও নথিই তিনি পেশ করতে পারেননি বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেফতার করে সিবিআই। আগামীকাল, শনিবার তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে।





