কোনও নথি দিচ্ছে না পুলিশ, নিশীথের কনভয়ে হামলার তদন্ত শুরু করা যাচ্ছে না, রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করল সিবিআই

রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার কোনও নথি দিচ্ছে না রাজ্য পুলিশ। আর এর জেরে সেই ঘটনার তদন্তও শুরু করা যাচ্ছে না। সেই কারণে এবার আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হল সিবিআই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছিল। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে এই ঘটনার তদন্তভার দেয় প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কিন্তু আজ, মঙ্গলবার সিবিআই আদালতকে জানায় যে এই মামলার কোনও নথি পুলিশ হস্তান্তর করছে না। আর এর জেরে তদন্তের কাজও শুরু করা যাচ্ছে না। সিবিআইয়ের দাবী, এই ঘটনার মাধ্যমে আদালত অবমাননা করেছে পুলিশ। সেই কারণে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি চায় সিবিআই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সিবিআইকে সেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্য-রাজনীতি উত্তাল হয়। দিনহাটায় নিশীথের গাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের তরফে বলা হয় হে এটা সেখানকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ। গেরুয়া শিবিরের দাবী ছিল, পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। পালটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবী নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে গেরুয়া শিবির।

সেই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে উচ্চ আদালত। আদালত জানতে চায় ঘটনার দিন পুলিশ সুপার ও জেলাশাসকদের কী ভূমিকা ছিল। রাজ্যকে এই ঘটনার রিপোর্ট পেশ করতেও বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য তা পেশ করেছিল। বিজেপির দাবীকে মান্যতা দিয়ে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই তদন্তের জন্য প্রয়োজনীয় নথি এখনও রাজ্য পুলিশ দিচ্ছে না বলে এবার অভিযোগ তুলল সিবিআই।

আরও অন্যান্য খবর