দু’দিন আগেই দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের তরফে ইডি-কে প্রশ্ন করা হয়েছিল যে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে কেন দিল্লি নিয়ে এখনও জেরা করা হচ্ছে না? সেই সময় ইডি জানায় যে অনুব্রত দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। কিন্তু রাউস অ্যাভিনিউ আদালত জানায় যে দিল্লি হাইকোর্ট এখনও স্থগিতাদেশ দেয়নি। তাই কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়া যেতেই পারে। এরপরই আসানসোল সিবিআই কোর্টে আর্জি জানায় ইডি। আর এবার আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিল।
বর্তমানে আসানসোল সংশোধনাগারেই রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখান থেকেই আগামীকাল, শুক্রবার তাঁকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে। এই ঘটনা যে গরু পাচার মামলায় এক অন্য মোড় নেবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এনামুল হক ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে গরু পাচার মামলায় জেরা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু সেই সময় একটি পুরনো মামলায় অনুব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় দুবরাজপুর থানা। সেই অনুমতিও দেয় দুবরাজপুর আদালত। এরপরই আসানসোল থেকে কেষ্টকে দুবরাজপুর নিয়ে চলে যায় পুলিশ। ফলে আটকে যায় কেষ্টর দিল্লি যাত্রা। এই ঘটনা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়।
এসবের মধ্যেই আবার দিল্লি রাউস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত। তবে বারবার সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ১৭ মার্চ সেই মামলার শুনানি রয়েছে। তবে সেই শুনানির আগেই এবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল ইডি।





