আরও কঠোর সিবিআই! এসএসসি-তে ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা দায়ের শান্তিপ্রসাদদের বিরুদ্ধে, বাদ নেই পার্থও

দিনদিন যেন এসএসসি (SSC) নিয়ে বিতর্ক আরও বেড়েই চলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে কার্যত শোরগোল। এবার গ্রুপ সি (Group-C) নিয়োগের ক্ষেত্রেও মামলা দায়ের করল সিবিআই (CBI)।

এই মামলায় নাম রয়েছে এসএসসি-র তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সৌমিত্র সরকার, সমরজিৎ আচার্য ও অশোক সাহার। এছাড়াও এই মামলায় এও উল্লেখ করা হয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনেই সেই কমিটি গঠন করা হয়েছিল।

সম্প্রতি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয় আদালতে। সূত্রের খবর, এই রিপোর্টের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। বাগ কমিটির এই রিপোর্টে শান্তিপ্রসাদ সিনহার নাম বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে বলে খবর।

এই মামলায় উল্লেখ করা হয়েছে যে শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বেই ভুয়ো প্যানেল বানানো হয়েছিল। এমন সব প্রার্থীদের নাম সেই প্যানেলে তোলা হত যারা পাশই করেন নি। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৪১৭ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪৬৫ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার জন্য জালিয়াতি), ৩৪ (একই উদ্দেশ্য নিয়ে করা অপরাধ) ধারায় মামলা করা হয়েছে বলে খবর।

এই রিপোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরাসরি উল্লেখ না থাকলেও, বলা হয়েছে যে উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কমিটি গঠনের জন্য অনুমোদন দিয়েছিলেন খোদ পার্থ।

এর আগেও এসএসসি নিয়ে দুটি মামলা দায়ের করা হয়েছিল। একটি ছিল নবম ও দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলা ও অন্যটি হল, প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগে বেনিয়মের অভিযোগ। সিবিআই ইতিমধ্যেই সেই মাম্লাগুলির তদন্ত শুরু করে দিয়েছে। আজ, শনিবার ফের একবার পরেশ অধিকারীকে তলব করেছিল সিবিআই। হাজিরাও দিয়েছিলেন তিনি। আগামী সপ্তাহেও ফের তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, এদিন পার্থ ও পরেশকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

RELATED Articles