West Bengal : অভিজিৎ সরকার খু*নের তদন্তে বড় মোড়! সিবিআই চার্জশিটে নাম উঠল তৃণমূল বিধায়কের!

রাজনৈতিক সংঘর্ষ, মৃত্যু, হাহাকার—২০২১ সালের ভোটের পরে এমনই এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গ। সেদিনের আতঙ্ক আজও দগদগে হয়ে আছে অনেকের মনে। বিশেষ করে বেলেঘাটা অঞ্চলে ঘটে যাওয়া একটি নির্মম খুনের ঘটনা বারবার উঠে আসে আলোচনায়। এবার সেই ঘটনার তদন্তে নতুন মোড় আনল সিবিআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার এই বহুল আলোচিত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Chargesheet) জমা দিল আদালতে। আর সেই চার্জশিট জমা পড়তেই ফের রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতি। কারণ এবার অভিযুক্তদের তালিকায় নাম উঠেছে শাসকদলের এক বিধায়ক ও দুই কাউন্সিলরের। স্বভাবতই এই পদক্ষেপ ঘিরে ফের বিতর্ক ও চাপানউতোরের ঝড় উঠেছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

সিবিআই সূত্রে খবর, নতুনভাবে প্রাপ্ত সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল (Paresh Pal), তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দার-সহ মোট ১৮ জনের। উল্লেখ্য, এর আগে একবার চার্জশিট জমা দিলেও তদন্ত চলাকালীন উঠে আসে আরও তথ্য, যার ভিত্তিতেই এই অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে।

এই চার্জশিট ঘিরে রাজ্যের বিরোধী দল বিজেপি কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তাদের দাবি, “এই ঘটনা প্রমাণ করছে যে তৃণমূল সরকার রাজনৈতিক প্রতিহিংসায় মেতে নিরীহ বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই চার্জশিটকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলেই দাবি করেছে। শাসকদলের মত, “বিজেপি শুরু থেকেই হিংসা নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছে। সিবিআইকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত করানো হচ্ছে।”

আরও পড়ুনঃ Panskura: চিপসকাণ্ডে বিচার চাইতেই ‘আরজি কর’-এর হুঁশিয়ারি! পাঁশকুড়ায় কিশোরের মাকে ধর্ষ*ণ ও খু*নের ভয়!

তবে রাজনৈতিক তরজা যাই হোক, অভিজিৎ সরকারের পরিবারের কাছে একটাই চাওয়া—ন্যায়বিচার। ২০২১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বেলেঘাটায় প্রকাশ্য রাস্তায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ। আদালতে চার্জশিট জমা পড়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন পরিবারের সদস্যরা। তাঁরা আশাবাদী, অভিযুক্তদের যথাযথ শাস্তি মিলবে এবং অবশেষে ন্যায়বিচার পাবেন অভিজিৎ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর