দোষীদের আড়াল করা হচ্ছিল? এতদিন পর তদন্তে গতি, আরজি কর কাণ্ডে নতুন মোড়!

কলকাতা (kolkata) শহরের আলোচিত আরজি কর কাণ্ডে ফের উত্তেজনা। প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি খোলসা হয়নি সেই রাতের ঘটনা। ন্যায়বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছে তিলোত্তমার পরিবার, আর সঙ্গে সঙ্গে নজর রেখেছে গোটা রাজ্য। তদন্তের গতিপথ বহুবার বদলেছে, অভিযোগ উঠেছে ধামাচাপা দেওয়ারও। তবে এবার যেন নতুন মোড় নিতে চলেছে।

শহরের হাসপাতালগুলিকে আমরা ভরসার জায়গা হিসেবে দেখি, যেখানে একজন রোগী নিরাপদে চিকিৎসা পাবে। কিন্তু যখন সেই হাসপাতালেই ঘটে যায় অস্বাভাবিক ঘটনা, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। গতবছর ৯ অগস্ট রাতেও কিছু এমনই ঘটেছিল আরজি কর হাসপাতালে। তারই তদন্ত চলছে দীর্ঘদিন ধরে, যার জট এতদিনেও কাটেনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে ফের ওঠে এই মামলা, আর তারপরই যেন তৎপর হয়ে ওঠে সিবিআই।

বৃহস্পতিবার তদন্তকারী অফিসার সীমা পাহুজা তলব করেন হাসপাতালের সাতজন নার্সকে। এই নার্সরা সকলেই ৯ অগস্ট রাতে হাসপাতালের ডিউটিতে ছিলেন। তাঁদের মধ্যে চারজন চেস্ট মেডিসিন বিভাগের নার্স সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সিবিআই সূত্রে খবর, সেদিন রাতে হাসপাতালের ভিতরে কী ঘটেছিল, কে কে ছিলেন, কারা হাসপাতালে প্রবেশ বা প্রস্থান করেছিলেন— এসব নিয়েই জেরা করা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ যৌ’ন নিপীড়ন, কিন্তু ধ’র্ষণ নয়? নাবালিকার প্রতি অ’শ্লীল আচরণ নিয়ে হাইকোর্টের রায় ঘিরে ক্ষোভ!

শুধু নার্স নন, এবার তলব করা হয়েছে হাসপাতালের ৮ জন নিরাপত্তা রক্ষীকেও। শুক্রবারই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারীদের মূল লক্ষ্য ওই রাতে হাসপাতালে থাকা নিরাপত্তা রক্ষীদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। বিশেষত, কোনও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিলেন কি না, কিংবা হাসপাতালের ভেতরে-বাইরে যাতায়াত করা ব্যক্তিদের সম্পর্কে তাঁরা কিছু জানেন কি না— এসব প্রশ্নই করা হবে বলে জানা গিয়েছে।

প্রথম থেকেই তিলোত্তমার বাবা-মা অভিযোগ করে আসছেন, হাসপাতালের নার্স ও চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ না করেই সঠিক তদন্ত করা সম্ভব নয়। তাঁদের দাবি ছিল, ওই রাতের ঘটনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য নার্স ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছেই রয়েছে। সেই দাবির ভিত্তিতেই এবার গতি পাচ্ছে তদন্ত। আসন্ন সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে তদন্তের এমন তৎপরতা নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles