ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআইয়ের ৪টি বিশেষ দল, নিযুক্ত ২৪ আধিকারিক

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের জন্য সিবিআইয়ের চারটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই প্রত্যেক দলের নেতৃত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিক। আর এই দলগুলির উপর তত্ত্বাবধানে থাকবেন একজন অতিরিক্ত ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিক। এই চার দলে মোট ২৪ জন আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার মামলার রায় দিয়েছে। বলা হয়েছে, খুন, ধর্ষণ এমন বেশি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিবিআই। এই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পাঁচ বিচারপতি বৃহত্তম বেঞ্চের তরফে।

এছাড়াও, অন্যান্য ঘটনা যেমন বাড়ি ভাঙচুর, ঘরছাড়া, মারধরের মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের জন্য সিট বা বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিটের তত্ত্বাবধানে থাকবেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে হাইকোর্টের রায়ের পর জয়ের হাসি বিজেপির, ‘রাজনীতির ঊর্ধ্বে’ উঠলেন শুভেন্দু

জানা গিয়েছে, সুমন বালা সাহু, পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার- এই তিন সদস্যকে নিয়ে গঠন করা হবে বিশেষ তদন্তকারী দল। আগামী ছ’সপ্তাহের মধ্যে সিবিআই ও সিট, উভয়কেই এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি এও বলা হয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রত্যেক পরিবারকে রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যে ঘটনাগুলি ভোট পরবর্তী হিংসার ঘটনা হিসেবে বিবেচিত হবে না, সেগুলি যাবে রাজ্য পুলিশের হাতে। এছাড়াও, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে রাজ্য যে অভিযোগ তুলেছিল, তা-ও খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

এছাড়াও, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক এই মামলায় যুক্ত হওয়ার যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনও খারিজ করেছে পাঁচ বিচারপতির বেঞ্চ। জানা গিয়েছে, আগামী ৪ই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। হাইকোর্টের কোনও ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর।

RELATED Articles