চাকরি বিক্রির টাকাই কী টলি-বলিউডে লাগিয়েছেন আরামবাগের ‘মহারাজ’? শাহিদের বাড়ি-গাড়ির খতিয়ান জানলে অবাক হবেন, সিবিআই স্ক্যানারে তৃণমূল নেতা

আরামবাগের মুথাভাঙায় একটা ছোট্ট ওষুধের দোকান ছিল তার, সেই ওষুধের দোকানের টাকা দিয়েই চলত সংসার। কিন্তু রাজ্যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাহিদ ইমামের জীবনেও আসে পরিবর্তন। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে তার। বদলে যেতে থাকে জীবনযাপন। বর্তমানে আরামবাগে বিলাসবহুল বাড়ি, গাড়ি, বর্ধমান শহরে ডান্সবার রয়েছে শাহিদের।

শুধু তাই-ই নয়, কলকাতা ও মুম্বইতেও একাধিক বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে আরামবাগের এই দাপুটে তৃণমূল নেতার। চাকরি বিক্রির অভিযোগে সিবিআই যে ৬জনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যেই একজম হল এই শাহিদ ইমাম। চাকরি বিক্রির টাকাই কী তিনি টলি ও বলিউডে লাগিয়েছিল শাহিদ? সিবিআই আধিকারিকরা এখন সেসব খতিয়ে দেখছে।

হুগলি জেলা তৃণমুলের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহিদ ইমাম আরামবাগে মহারাজ নামেই পরিচিত। শাহিদের বাবা হাসান ইমাম বাম জমানায় দু’বার তৃণমুলের টিকিটে বিধানসভা ও লোকসভার প্রার্থী হয়েছিলেন।

শাহিদের বাবার বিষয়ে আরামবাগের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, “হাসান ইমাম একজন খুব ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি বিরোধী পার্টির লোক হলেও, এটাই বলব যে আরামবাগের মানুষ তাঁর সম্বন্ধে মানুষ ভালো ছাড়া কিছু জানত না। ছেলে শাহিদ যে এত তাড়াতাড়ি তাঁর যশ খ্যাতিকে মাটিতে মিশিয়ে দেবে এটা ভাবা যায়নি”।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর হাওড়ার উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পায় শাহিদ। আর এলাকায় তো তৃণমূল নেতা হিসেবে দাপট-প্রতিপত্তি ছিলই তার। সিবিআইয়ের দাবী, এই সুযোগ নিয়েই চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন শাহিদ।

জানা যাচ্ছে, সেই চাকরি বিক্রির টাকাতেই বিলাসবহুল গাড়ি, বাড়ি, ডান্সবার করেছেন এই তৃণমূল নেতা। তিনটি বাংলা সিনেমা প্রযোজনা করার পাশাপাশি শাহিদ অভিনয়ও করেছে। শুধু টলিউডই নয়, বলিউডেও শুভম নাম নিয়ে আত্মপ্রকাশ করে শাহিদ। তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও সিনেমা মুক্তি পেয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎবাবু বলেন, “শাহিদ গরিবের টাকা লুটেছে সম্পত্তির পাহাড় তৈরি করেছে। সিবিআইকে অনুরোধ করব যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়”।

অন্যদিকে, সিপিএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জী শাহিদ সম্পর্কে বলেন, “এটা একটা সংঘটিত অপরাধ। আগেই এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। আসল মাথাগুলিকে ধরে আনুক এটাই চাইব”।

RELATED Articles