কয়লা পাচারকাণ্ডে নাম জড়াল রাজ্যের আরও এক মন্ত্রীর, আগামী সপ্তাহেই তলব করতে পারে সিবিআই, ফের অস্বস্তিতে তৃণমূল

বিগত কয়েকদিন ধরেই শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীদের নাম উঠে আসছে নানান দুর্নীতিতে। ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari)। দু’জন তৃণমূল নেতাই ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে।

এদিকে গরু পাচারকাণ্ডে নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। তাঁকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআই দফতরের তরফে। কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় মন্ত্রী মলয় ঘটককে প্রশ্ন করা হয়েছে সিবিআইয়ের তরফে।

এবার শোনা যাচ্ছে, কয়লা পাচারকাণ্ডে নাম উঠে এসেছে অভিষেক-ঘনিষ্ঠ এক মন্ত্রীর। তাঁকে আগামী সপ্তাহেই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে খবর। বলে রাখি, গত সপ্তাহেই এই কয়লা পাচারকাণ্ডে সিবিআই তলব করেছিল অভিষেক-ঘনিষ্ঠ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে।

সূত্রের খবর অনুযায়ী, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে আমতলার রাজনৈতিক দফতরের এক তৃণমূল কর্মী এবং বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলা পঞ্চায়েত আধিকারিকের স্বামীকেও তলব করেছে সিবিআই। সিবিআইয়ের দাবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ওই দলীয় কর্মীকে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ দিকে আবার সেই দলীয় কর্মী বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন যে তাঁকে নাকি অকারণে হেনস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার শওকত মোল্লাকে কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করে। শনিবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও, উপস্থিত হন নি তিনি। আইনজীবী মারফত চিঠি দিয়ে শওকত মোল্লা জানান যে তাঁর পূর্ব নির্ধারিত কিছু সরকারি কর্মসূচি রয়েছে, তাই তিনি হাজিরা দিতে পারবেন না। সিবিআইয়ের থেকে  ১৫ দিনের স্মপয় চেয়ে নিয়েছেন তৃণমূল বিধায়ক।

RELATED Articles

Leave a Comment