গতকাল, বুধবারই কলকাতায় মেগা সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই লক্ষ্মীবারের সকালে নিয়োগ দুর্নীতি নিয়ে আরও তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, বৃহস্পতিবার সকালেই তৃণমূল বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সির বাড়িতে হানা দিল সিবিআই। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে জেরা করা হবে।
অদিতি মুন্সি রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বিধায়ক। তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সিবিআই যখন বাড়িতে আসেন, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। পরে ঢোকেন বাড়িতে। তিনি জানান, তিনি সিবিআইকে সবরকম সহায়তা করবেন।
এর আগে গত বছর ভোট পরবর্তী হিংসা মামলাতে একবার দেবরাজ চক্রবর্তীকে তলব করেছিল সিবিআই। দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০১৫ সালে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। পরে আবার অভিষেকের হাত ধরেই ফিরে আসেন ঘাসফুলে।
শুধুমাত্র দেবরাজ চক্রবর্তীই নয়, বৃহস্পতিবার সকালে একাধিক জায়গায় হানা দেয় সিবিআই। কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাপ্পাদিত্যর।
অন্যদিকে, মুর্শিদাবাদ এবং কোচবিহারেও সিবিআই তল্লাশি চলছে। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা সিবিআইয়ের। সূত্রের খবর তিনি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ। নিয়োগ তদন্তকারীদের দাবী, দুর্নীতি মামলায় তাঁর যোগসূত্র রয়েছে। প্রমাণের খোঁজে বিধায়কের বাড়িতে চলছে জোর তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী তাঁর বাড়ি ঘিরে রেখেছে।





