সরকারি চাকরির টোপ দিয়ে জালিয়াতি, ৮ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র, মাথায় হাত যুবকের

ফের সরকারি চাকরির নাম করে জালিয়াতি। ৮ লক্ষ টাকার বিনিময়ে যুবককে নিয়োগপত্র দিয়েছিলেন অভিযুক্ত। কাজে যোগ দিতে গিয়ে মাথায় হাত পড়ে যুবকের। তিনি জানতে পারেন যে নিয়োগপত্রটি ভুয়ো। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম দীপক দাস। জানা গিয়েছে, এক যুবক সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন। নানান জায়গায় পরীক্ষা দিচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত দীপকের। সেই সময় নাকি দীপক তাঁকে জানায় যে তাঁর সঙ্গে নানান সরকারি মহলে পরিচয় রয়েছে।

অভিযুক্ত ওই যুবককে বলেন যে তিনি নিজের সেই সূত্র ধরে যুবককে কয়েকটি দফতরে চাকরি করে দিতে পারবে। অভিযুক্ত টোপ দেয় যে সে যুবককে কলকাতা পুলিশের হোমগার্ড ও ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সার্ভিস দফতরে একসঙ্গে দিতে পারবে।

যুবক ওই অভিযুক্তকে বিশ্বাস করেন। বেশ কয়েক দফায় নগদ ও চেকে দীপককে ৮ লক্ষ টাকা দেন তিনি। টাকা নেওয়ার পর নিয়োগপত্রও দিয়েছিল দীপক। ওই যুবক সেই নিয়োগপত্র নিয়ে মির্জা গালিব স্ট্রিটের ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সার্ভিস দফতরে যোগ দিতে যান। কিন্তু তখন তাঁকে জানানো হয় যে ওই নিয়োগপত্র জাল।

এরপরই নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন যুবক। তদন্ত শুরু করে অভিযুক্তর সন্ধানে ফাঁদ পাতে পুলিশ। নতুন শিকারের লোভেই নিউ মার্কেট এলাকায় আসে অভিযুক্ত। সেই সময়ই তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। দীপককে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের সন্ধান করছে পুলিশ।

RELATED Articles